জন আব্রাহাম তো ধৈর্য ধরে রাখতে না পেরে দেশের প্রধান বিচারপতি বিআর গাভাইকে খোলা চিঠি লিখেছেন। চুপ করে বসে নেই জাহ্নবী কাপুর ও বরুণ ধাওয়ানের মতো সেলেব্রিটিরা। তাঁরাও ওই নির্দেশে দুঃখ প্রকাশ করে প্রতিক্রিয়া দিয়েছেন।

বাড়ির আদুরে পোষ্য কুকুর নিয়ে জন আব্রাহাম, জাহ্নবী কাপুর ও বরুণ ধাওয়ান। ফাইল ছবি।
শেষ আপডেট: 12 August 2025 18:34
দ্য ওয়াল ব্যুরো: দিল্লি-এনসিআর এলাকাকে পথকুকুর মুক্ত করার সুপ্রিম কোর্টের নির্দেশে মন খারাপ বলিউডের। প্রখ্যাত অভিনেতা-অভিনেত্রীরা এই নির্দেশে স্পষ্টতই মনোক্ষুণ্ণ। জন আব্রাহাম তো ধৈর্য ধরে রাখতে না পেরে দেশের প্রধান বিচারপতি বিআর গাভাইকে খোলা চিঠি লিখেছেন। চুপ করে বসে নেই জাহ্নবী কাপুর ও বরুণ ধাওয়ানের মতো সেলেব্রিটিরা। তাঁরাও ওই নির্দেশে দুঃখ প্রকাশ করে প্রতিক্রিয়া দিয়েছেন।
মঙ্গলবার জন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গাভাইকে লেখা খোলা চিঠিতে জন আব্রাহাম আবেদন জানিয়েছেন যে, বেওয়ারিশ কুকুর নিয়ে শীর্ষ আদালতের নির্দেশ যেন পুনর্বিবেচনা করা হয়। আদালতের নির্দেশকে ‘অমানবিক’ ও ‘বাস্তবতাহীন’। ৫২ বছর বয়সি আব্রাহাম কঠিন শব্দবন্ধের চিঠিতে প্রধান বিচারপতির কাছে ওই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানান।
জন লিখেছেন, আমি আশা করি আপনি আমার কথায় সম্মত হবেন যে এই কুকুরগুলি লাওয়ারিশ নয়, এরা সামাজিক জীব। বহু মানুষ এদের ভালবাসেন, খাওয়ান, স্নেহে লালনপালনও করেন রাস্তাতেই। এই কুকুরগুলি জন্মসূত্রে একজন দিল্লিবাসীর চেয়ে কোনও অংশে কম নয়। এরাও নিজের অধিকারে দিল্লির বাসিন্দা। জন আব্রাহাম বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও পশু জন্মনিয়ন্ত্রণ কুকুর আইন, ২০২৩-এর দৃষ্টান্ত দিয়ে লেখেন, কুকুরকে নির্বীজকরণ, ভ্যাকসিন দিয়ে তাদের নিজস্ব পাড়ায় পাঠিয়ে দেওয়ার কথা বলা আছে।
আব্রাহাম এই প্রাণীগুলির জন্ম সমবেদনা, বিজ্ঞাননির্ভর সমস্যা সমাধানের আর্জি জানান। পশু সুরক্ষায় দেশের আইনে যা আছে, তা পালনের অনুরোধও করেছেন প্রধান বিচারপতির কাছে। তিনি ভ্যাকুয়াম এফেক্টের কথা তুলে ধরে বলেছেন, দিল্লির আনুমানিক ১৯ লক্ষ পাড়ার কুকুরকে সরিয়ে দিলে জনস্বাস্থ্যও বিপন্ন হতে পারে। জন আব্রাহাম ছাড়াও বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুরও সুপ্রিম কোর্টের নির্দেশকে সব কুকুরকে মৃত্যুদণ্ড দেওয়ার সঙ্গে তুলনা করেন। এছাড়াও চিন্ময়ী শ্রীপদা, রবিনা ট্যান্ডন, বরুণ গ্রোভার ও বীর দাসও পথকুকুরের সপক্ষে প্রতিক্রিয়া দিয়েছেন।