শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগের পর প্রথমবার প্রকাশ্যে এলেন প্রাক্তন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়। রাষ্ট্রপতি ভবনে সি পি রাধাকৃষ্ণনের শপথ অনুষ্ঠানে যোগ দিলেন তিনি।

জগদীপ ধনকড় (ফাইল ছবি)
শেষ আপডেট: 12 September 2025 12:26
দ্য ওয়াল ব্যুরো: হঠাৎ পদত্যাগের কয়েকদিন পর প্রথমবার জনসমক্ষে দেখা গেল প্রাক্তন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে। শুক্রবার রাষ্ট্রপতি ভবনে নতুন উপ-রাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণনের শপথগ্রহণে উপস্থিত ছিলেন তিনি। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিংহ-সহ শাসক ও বিরোধী শিবিরের শীর্ষ নেতারা।
কিছুদিন আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হঠাৎই পদত্যাগ করেন জগদীপ ধনকড়। ২০২২ সালের অগস্টে দেশের ১৪তম উপ-রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। রাষ্ট্রপতিকে পাঠানো এক চিঠিতে ধনকড় জানান, চিকিৎসকদের পরামর্শ মেনে তিনি আপাতত নিজের শারীরিক যত্নে মনোযোগ দিতে চান।
যদিও রাজনৈতিক মহলের একাংশে তাঁর পদত্যাগ ঘিরে জল্পনা শুরু হয়। সেসময় ধনকড় স্পষ্ট করেন, এই সিদ্ধান্ত শুধুই স্বাস্থ্যের কারণে। পাশাপাশি, তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মন্ত্রিসভাকে কৃতজ্ঞতা জানান সহযোগিতা ও সমর্থনের জন্য। এসবের পরও তাঁকে নিয়ে চর্চা চলছিলই। কেন প্রকাশ্যে আসছেন না, সেনিয়েও নানা কথা উঠছিল। সকলের চোখ ছিল আজকের এই অনুষ্ঠানের দিকে।
এদিকে ধনকড়ের পদত্যাগের পর সংবিধান মেনে নির্বাচন প্রক্রিয়া শুরু করেছিল নির্বাচন কমিশন। এনডিএ জোটের প্রার্থী হিসেবে রাধাকৃষ্ণন সহজেই জয়ী হন। আগামিদিনে গুরুত্বপূর্ণ সংসদীয় অধিবেশন এবং দেশের বিভিন্ন সিদ্ধান্তে তাঁর ভূমিকা বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহল মহল।