ভারত-আমেরিকা আলোচনাও স্পষ্ট করে দিচ্ছে, এই সংঘাত যে কোনও মুহূর্তে আরও বড় আকার নিতে পারে, আর তার অভিঘাত সামলাতে বিশ্বজুড়ে বাড়ছে কূটনৈতিক তৎপরতা।

জয়শঙ্কর-রুবিও আলোচনা!
শেষ আপডেট: 24 March 2026 07:48
দ্য ওয়াল ব্যুরো: আরব দুনিয়ার যুদ্ধের (Middle East Tension) আবহ আরও ঘনীভূত হচ্ছে, আর সেই প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাজার, জ্বালানি নিরাপত্তা ও কূটনীতিতে। ঠিক এমন পরিস্থিতিতেই সোমবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ফোনে কথা বললেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও-র (Marco Rubio) সঙ্গে। পশ্চিম এশিয়ার সংঘাত (West Asia Conflict) কীভাবে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি সরবরাহকে নাড়িয়ে দিচ্ছে- সেই বিষয়েই বিস্তারিত আলোচনা হয় দুই দেশের মধ্যে।
জ্বালানি নিরাপত্তা নিয়ে ভারত–আমেরিকা আলোচনা
এক্স্য হ্যান্ডেলে পোস্ট করে জয়শঙ্কর জানান, পশ্চিম এশিয়ার চলতি যুদ্ধ (West Asia Conflict) ও তার অর্থনৈতিক প্রভাব নিয়ে কথা হয়েছে। বিশেষ করে জ্বালানি নিরাপত্তা ও আন্তর্জাতিক বাজারে তার ঝুঁকি নিয়েই গুরুত্ব দিয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, পরিস্থিতি এতটাই জটিল যে ভারত সহ একাধিক দেশ সম্ভাব্য তেল–সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় তৎপরতা বাড়িয়েছে।
‘ইরানের উপর সামরিক হামলা স্থগিত’, দাবি ট্রাম্পের
সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US Preisdent Donald Trump) ঘোষণা করেন, ইরানের জ্বালানি অবকাঠামোয় পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে। তাঁর দাবি, গত দুই দিনে তেহরানের (Tehran) সঙ্গে খুব ভাল ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।
‘কোনও আলোচনা হয়নি,’ আমেরিকার দাবি উড়িয়ে দিল ইরান
ট্রাম্পের দাবি ঘিরে মুহূর্তেই তৈরি হয় কূটনৈতিক দ্বন্দ্ব। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, কোনও রকম আলোচনা হয়নি। ইরানের সংসদের স্পিকার মহম্মদ বাঘের ঘালিবাফ এক্স-এ লিখেছেন, "“আমেরিকার সঙ্গে কোনও আলোচনা হয়নি। আর্থিক ও তেলবাজারকে প্রভাবিত করতেই ভুয়ো খবর ছড়ানো হচ্ছে।”
তিনি আরও বলেন, “ইরানি জনগণ হামলাকারীদের শাস্তি চায়। দেশের সব শীর্ষকর্তা সর্বোচ্চ নেতার পাশে ঐক্যবদ্ধ।”
সত্যিকারের আলোচনার আভাস, নাকি তথ্য-যুদ্ধ?
একদিকে আমেরিকা দাবি করছে কূটনৈতিক অগ্রগতির, অন্যদিকে ইরান বলছে, সবটাই মার্কিন প্রচার। এই বিপরীত বক্তব্য শুধু দুই দেশের সম্পর্ককেই প্রশ্নের মুখে ফেলছে না, বিশ্ববাজার, তেলের দাম ও বৈশ্বিক অর্থনীতিতেও অনিশ্চয়তার ছায়া ফেলছে।
ভারত-আমেরিকা আলোচনাও স্পষ্ট করে দিচ্ছে, এই সংঘাত যে কোনও মুহূর্তে আরও বড় আকার নিতে পারে, আর তার অভিঘাত সামলাতে বিশ্বজুড়ে বাড়ছে কূটনৈতিক তৎপরতা।