মহারাষ্ট্রের বীড় জেলায় জলভর্তি নীল ড্রামের ভেতর থেকে উদ্ধার ৪ মাসের শিশুর দেহ। একই বাড়ি থেকে আরও এক দেহ মেলে। দাম্পত্য কলহের জেরে ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ফাইল চিত্র
শেষ আপডেট: 5 October 2025 08:38
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের বীড় জেলায় ঘটেছে এক ভয়াবহ ও মর্মান্তিক ঘটনা। জলভর্তি একটি নীল ড্রামের ভেতর থেকে উদ্ধার হলো মাত্র ৪ মাসের এক শিশুপুত্রের দেহ। অভিযোগ, শিশুটিকে খুন করেছেন তার বাবা, এরপর তিনি নিজেও আত্মহত্যা করেন। শনিবার তালওয়াদা গ্রামের বাড়ি থেকে শিশু এবং তার বাবার দেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুমান, অমল সোনাভানে নামের ওই ব্যক্তিই নিজের শিশুপুত্রকে ড্রামের জলে ডুবিয়ে হত্যা করেছেন। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায়, তখন ড্রামের মধ্যে গোলাপি টি-শার্ট ও ডায়পার পরা শিশুটির দেহ উপুড় হয়ে ভাসছিল। এরপর বাড়ির অন্য একটি ঘর থেকে অমল সোনাভানের দেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য দুটি দেহই পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। এই পরিবারে এর আগেও আত্মহত্যার চেষ্টা হয়েছিল। দিন কয়েক আগেই স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র দাম্পত্য কলহ হয়। তার জেরে তাঁরা দু'জনেই আত্মহত্যার চেষ্টা করেছিলেন। পুলিশ সঠিক সময়ে পৌঁছে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
গত বৃহস্পতিবারই তাঁদের হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছিল। বাড়ি ফেরার মাত্র একদিন পরই কেন ওই ব্যক্তি এমন চরম পদক্ষেপ নিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।