ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের এই ঘটনা দিনে দিনে বিতর্ক বাড়াচ্ছে। এরমধ্যেই সেই বিতর্কের আগুনে ঘি ঢাললেন বিজেপি সাংসদ জ্ঞানেশ্বর পাটিল।
.jpg.webp)
ফাইল ছবি
শেষ আপডেট: 8 January 2026 14:35
দ্য ওয়াল ব্যুরো: ইন্দোরে দূষিত জলের কারণে এখনও পর্যন্ত প্রায় ২০ জনের মৃত্যু হয়েছে (Indore water contamination)। হাসপাতালে ভর্তির সংখ্যা একাধিক। ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের এই ঘটনা দিনে দিনে বিতর্ক বাড়াচ্ছে। এরমধ্যেই সেই বিতর্কের আগুনে ঘি ঢাললেন বিজেপি সাংসদ জ্ঞানেশ্বর পাটিল। তাঁর কথায়, “সব দায়িত্ব সরকারের নয়, পরিষ্কার জল পেতে হলে জনগণকেও দায়িত্ব নিতে হবে।"
ঘটনা ও বিতর্কের সূত্রপাত
ইন্দোরের ভগীরথপুর এলাকায় দূষিত জল পান করে এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে (Indore water contamination deaths)। এর পরেই গোটা রাজ্যে চাঞ্চল্য ছড়ায়। প্রশাসন ও জল সরবরাহ বিভাগকে কাঠগড়ায় তুলে প্রশ্ন ওঠে, কীভাবে মানুষের সতর্ক করার পরেও এমন বিপর্যয় ঘটল।

বিজেপি সাংসদ জ্ঞানেশ্বর পাটিল
এই পরিস্থিতিতেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ জ্ঞানেশ্বর পাটিল বলেন, “সরকার কি সব করবে? এই ধারণা ভুল। সাধারণ মানুষেরও দায়িত্ব আছে। আমরা বারবার বলেছি, জলাধার, ট্যাংক পরিষ্কার রাখতে হবে (Indore water contamination cause)। কোথাও সমস্যা থাকলে প্রশাসনকে জানিয়ে সমাধান করতে হবে।”
সাংসদের বক্তব্য নিয়ে বিরোধীদের তোপ
এত বড় দুর্যোগের মাঝেও দায় জনগণের ওপর চাপানোর চেষ্টা চলছে, এই অভিযোগ তুলেছে কংগ্রেস। কংগ্রেস মুখপাত্র ভূপেন্দ্র গুপ্ত কড়া ভাষায় বলেন, “ড্রেন পরিষ্কার করাও কি মানুষের কাজ? হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ ধরাও কি মানুষের দায়িত্ব? যদি সব কাজ তাঁদের করতে হয়, তাহলে সরকার ট্যাক্স নেয় কেন?”
সাংসদের মন্তব্যকে 'দায়িত্বজ্ঞানহীন' বলে কংগ্রেস নেতা কার্যত হুঁশিয়ারি দেন, বিজেপি যদি বিষয়টি নিয়ে অবস্থান পরিষ্কার না করে, তবে রাজ্যজুড়ে গণআন্দোলন হবে।
দেশের ‘সবচেয়ে পরিচ্ছন্ন শহর’ হিসেবে আট বছর ধরে শীর্ষে থাকা ইন্দোরে এমন বিপর্যয় হওয়ায় রাজ্য সরকারও নড়েচড়ে বসেছে। জল সরবরাহ, স্বাস্থ্য ও নগর প্রশাসন বিভাগকে নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে। পাশাপাশি, অবহেলার অভিযোগে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে।
একটানা আটবার ভারতের 'স্বচ্ছ' শহরের তকমা পেয়েছে ইন্দোর (India's cleanest city Indore)। কিন্তু সাম্প্রতিক সময়ে যেন সেখানে অভিশাপের কালো ছায়া নেমে এসেছে। তবে এটি হঠাৎ করে ঘটে যাওয়া কোনও ঘটনা নয়, বরং বছরের পর বছর ধরে প্রশাসনের উদাসীনতা, ধুলো জমে থাকা ফাইল আর নিকাশি ব্যবস্থায় ঘাটতি এই বিপর্যয়ের কারণ বলে মনে করছেন অনেকে (Contaminated water deaths)। স্থানীয় বাসিন্দাদেরও এই একই অভিযোগ।
দূষিত জলের সমস্যার মধ্যেই ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ভগীরথপুরে ২ হাজার ৩৫৪টি বাড়িতে ঘুরে ঘুরে এই সমীক্ষা চালানো হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে মোট ৯ হাজার ৪১৬ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। ওই সমীক্ষাতেই ২০ জন নতুন রোগীর খোঁজ মিলেছে। ডায়রিয়ার প্রকোপ শুরুর পর থেকে এখনও পর্যন্ত মোট ৩৯৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে (Indore diarrhoea outbreak)। এদের মধ্যে ২৫৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে এখনও ১৪২ জন চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে ১১ জনকে আইসিইউতে রাখা হয়েছে।