৩৫ বছর বয়সি ওই ট্রেনি পাইলট প্রথমে বেঙ্গালুরুর এক থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ‘জিরো এফআইআর’ (Zero FIR) হিসেবে মামলা গ্রহণ করে। পরে তা পাঠিয়ে দেয় গুরুগ্রামের পুলিশের কাছে।

ছবি-এআই
শেষ আপডেট: 23 June 2025 12:17
দ্য ওয়াল ব্যুরো: 'তুমি প্লেন চালানোর যোগ্য নও, বরং ফিরে গিয়ে জুতো সেলাই করো', এমন অপমানজনক মন্তব্য করে এবার জাতিগত বিদ্বেষের অভিযোগে জড়িয়ে পড়ল ইন্ডিগো (IndiGo)। সংস্থার এক ট্রেনি পাইলট গুরুগ্রামের (Gurugram) হেড অফিসে হেনস্থার শিকার হওয়ার অভিযোগ এনেছেন। তাঁর দাবি, তিনি তপশিলি জাতিভুক্ত (Scheduled Caste) এবং এই কারণেই তাঁকে বারবার অপমান করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে হরিয়ানার গুরুগ্রামে (Guragram), যেখানে সংস্থার প্রধান কার্যালয় রয়েছে। ৩৫ বছর বয়সি ওই ট্রেনি পাইলট প্রথমে বেঙ্গালুরুর এক থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ‘জিরো এফআইআর’ (Zero FIR) হিসেবে মামলা গ্রহণ করে। পরে তা পাঠিয়ে দেয় গুরুগ্রামের পুলিশের কাছে।
এফআইআর-এ নাম রয়েছে ইন্ডিগোর (IndiGo) তিন সিনিয়র আধিকারিক- তাপস দে, মনীশ সাহানি এবং ক্যাপ্টেন রাহুল পাটিলের। তাঁদের বিরুদ্ধে এসসি-এসটি (প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিজ) আইনের ধারায় মামলা হয়েছে।
অভিযোগকারী জানান, গত ২৮ এপ্রিল গুরুগ্রামে একটি মিটিংয়ের মাঝে তাঁকে উদ্দেশ্য করে বলা হয়, 'আপনি কোনও বিমান ওড়ানোরই যোগ্য নন, ফিরে যান, জুতো সেলাই করুন। আপনি এই অফিসের দারোয়ান হওয়ারও যোগ্য নন।'
পাইলট জানান, এই হেনস্থা কেবল মৌখিক ছিল না। তাঁকে চাকরি ছাড়ানোর জন্য নানা ভাবে মানসিক চাপ দেওয়া হচ্ছিল। যেমন, অকারণে বেতন কাটা, বারবার ট্রেনিংয়ে পাঠানো, ওয়ার্নিং লেটার দেওয়া। একাধিকবার তিনি সংস্থার উচ্চপদস্থ আধিকারিকদের কাছে এবং এথিক্স প্যানেলেও বিষয়টি জানান কিন্তু তাতে কোনও ফল হয়নি। শেষে বাধ্য হয়েই পুলিশের দ্বারস্থ হন।
এই ঘটনার পরে সোশ্যাল মিডিয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকে অভিযুক্তদের কড়া শাস্তির দাবি তুলেছেন। ইন্ডিগোর তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। যদিও তাদের ওয়েবসাইটে বলা আছে, তারা সব ধর্ম, জাত, লিঙ্গ, আর্থিক ও সামাজিক অবস্থান নির্বিশেষে কর্মীদের সম্মান করে।