‘সিতারে জমিন পর’ ছবির প্রিমিয়ারে স্ত্রীর সঙ্গে হাজির হয়েছিলেন রীতেশ। সেখানেই এক যুবক ভক্তের সঙ্গে তাঁর ব্যবহার সোশ্যাল মিডিয়ায় বিতর্ক উস্কে দিয়েছে।

রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডিসুজা
শেষ আপডেট: 23 June 2025 11:43
দ্য ওয়াল ব্যুরো: বহু বছর ধরেই বলিউডের অন্যতম আদর্শ দম্পতি হিসেবে পরিচিত রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডিসুজা। পর্দার বাইরে রীতেশের সৌম্য ও বিনয়ী স্বভাব বহুবার প্রশংসিত হয়েছে অনুরাগীদের মধ্যে। তবে সম্প্রতি এক ঘটনার জেরে সেই ভাবমূর্তি খানিকটা ধাক্কা খেয়েছে বলেই মনে করছেন নেটিজেনরা।
‘সিতারে জমিন পর’ ছবির প্রিমিয়ারে স্ত্রীর সঙ্গে হাজির হয়েছিলেন রীতেশ। সেখানেই এক যুবক ভক্তের সঙ্গে তাঁর ব্যবহার সোশ্যাল মিডিয়ায় বিতর্ক উস্কে দিয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, অনুষ্ঠানে জেনেলিয়া অন্য কারও সঙ্গে কথা বলার সময় এক তরুণ ভক্ত রীতেশের কাছে এগিয়ে আসেন সেলফি তোলার আবদার নিয়ে। কিন্তু জেনেলিয়ার হাত ধরে থাকা অবস্থায় রীতেশ বাকি একটি হাত দিয়ে ওই ভক্তের ক্যামেরা নামিয়ে দেন।
এই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়তেই নানা প্রতিক্রিয়া উথলে ওঠে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই মনে করছেন, সেলফি তুলতে দিতে খুব একটা অসুবিধা হতো না। বরং এমন ব্যবহার অভিনেতার ইমেজের সঙ্গে মানানসই নয় বলেই মত নেটজনতার একাংশের।
কেউ কেউ রীতেশকে সরাসরি 'অভদ্র' বলেও মন্তব্য করেছেন। এক ব্যবহারকারী লিখেছেন, "হয়তো ছেলেটি সেই ছবি তার বাবা-মাকে পাঠাত। একটি ছবির জন্য এতটা রুক্ষ হতে হল?" আরেকজন লিখেছেন, "আপনি কি সত্যিই এমন? বিশ্বাস করতে পারছি না।" কেউ আবার আক্ষেপ করে বলেছেন, "আপনার থেকে অনেক ভাল আচরণ আশা করেছিলাম। আজ তা ভেঙে গেল।"