
শেষ আপডেট: 7 October 2023 11:20
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার থেকে ইন্ডিগোর বিমান ভাড়া এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল। সংস্থা জানিয়েছে, তারা প্রতিটি রুটে দূরত্ব অনুযায়ী অতিরিক্ত ফুয়েল চার্জ বসিয়েছে। এর পরিমাণ তিনশো থেকে হাজার টাকা পর্যন্ত।
ইন্ডিগো ভারতের বৃহত্তম বেসরকারি বিমান পরিবহণ সংস্থা। দেশে অর্ধেকের বেশি বিমান চালায় এই সংস্থা। জ্বালানির দাম বৃদ্ধির কারণে ভাড়া বাড়ানোর এই সিদ্ধান্তের পথে বাকি বিমান সংস্থাগুলিও হাঁটতে পারে এরপর।
প্রেস নোটে ইন্ডিগো জানিয়েছে, এখন পাঁচশো কিলোমিটারের নিচে ট্রিপের জন্য ফুয়েল চার্জ বাবদ বাড়তি গুণতে হবে তিনশো টাকা। অর্থাৎ কলকাতা-বাগডোগরা রুটে তিনশো টাকা বেশি দিতে হবে। কলকাতা থেকে আগরতলা-সহ উত্তর-পূর্বের বেশিরভাগ রুটের ভাড়াই তিনশো টাকা করে বাড়বে।
পাঁচশো থেকে হাজার কিলোমিটারের মধ্যে দূরত্বের জন্য টিকিটে বাড়তি নেওয়া হবে চারশো টাকা। দেড় হাজার কিলোমিটার পর্যন্ত যাত্রার ক্ষেত্রে অতিরিক্ত সাড়ে পাঁচশো টাকা দিয়ে হবে। অর্থাৎ কলকাতা-দিল্লির টিকিটে বাড়তি সাড়ে পাঁচশো টাকা আদায় করবে সংস্থা। কলকাতা-মুম্বই রুটে বাড়তি গুণতে হবে ৬৫০ টাকা।
এইভাবে সর্বোচ্চ তিন হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত আদায়ের কথা জানিয়েছে ইন্ডিগো। ডোমেস্টিক ও আন্তর্জাতিক দুই রুটেই বাড়তি ভাড়া বলবৎ হয়েছে।
বিমান সংস্থাগুলির সূত্রে জানা গিয়েছে, ভাড়া বৃদ্ধি সময়ের অপেক্ষা ছিল। কারণ গত জুলাই থেকে প্রতিমাসে বিমানের জ্বালানির দাম পাঁচ শতাংশ করে বৃদ্ধি করছে তেল সরবরাহকারী সংস্থাগুলি। অসামরিক বিমান পরিবহণের সঙ্গে যুক্ত সংস্থাগুলির বক্তব্য, ইন্ডিগোর পর অন্য বিমান সংস্থাগুলিও একই পথে হাঁটবে। তবে এর পরিণতি বিমান সংস্থাগুলিরই বিপদ ডেকে আনবে। দেশে সড়ক পথে যাতায়াত সহজ হয়ে যাওয়ার বিমান যাত্রীর সংখ্যা কাঙ্খিত হারে বাড়ছে না।
ক’দিন আগেই কেন্দ্রের সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়কড়ি বলেছেন, দেশে অনেক বিমান রুট বন্ধ হয়ে যাবে। কারণ, বিমান বন্দরে নিরাপত্তার কড়াকড়ি এবং নানা নিয়মকানুন অনুসরণ করতে লম্বা সময় ব্যয় হয়। বরং সড়ক পথে এখন কম খরতে অল্প সময়ে চলে যাওয়া যাচ্ছে।