ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইম্ফলের উদ্দেশে যাত্রা শুরু করে ৬ই ৫১১৮ নম্বর বিমান। কিন্তু উড়ানের কিছুক্ষণের মধ্যেই প্রযুক্তিগত গোলযোগ ধরা পড়ে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 17 July 2025 16:33
দ্য ওয়াল ব্যুরো: প্রযুক্তিগত সমস্যার কারণে জরুরি অবতরণ করল ইম্ফলগামী ইন্ডিগো বিমান। বৃহস্পতিবার দিল্লি থেকে রওনা দিয়েছিল ৬ই ৫১১৮ নম্বর বিমানটি। কিন্তু টেকঅফের কিছুক্ষণের মধ্যেই মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি (Minor technical issue) দেখা যায়। ফলে তড়িঘড়ি দিল্লি বিমানবন্দরে নামিয়ে আনা হয় বিমানটিকে (Imphal-Bound IndiGo Flight)।
পরপর দু’দিন দুই ইন্ডিগো বিমানে (IndiGo Flight) মাঝআকাশে দেখা দিল প্রযুক্তিগত সমস্যা। বৃহস্পতিবার দিল্লি থেকে ইম্ফলের উদ্দেশে রওনা হওয়া একটি বিমান কিছু দূর যাওয়ার পরেই সমস্যায় পড়ে ফিরে আসে দিল্লি বিমানবন্দরে। আর আগের দিন, বুধবার দিল্লি থেকে গোয়ার দিকে উড়ানভরা একটি ইন্ডিগো বিমান মাঝপথে সমস্যায় পড়ে নামতে বাধ্য হয় মুম্বইয়ে।
ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইম্ফলের উদ্দেশে যাত্রা শুরু করে ৬ই ৫১১৮ নম্বর বিমান। কিন্তু উড়ানের কিছুক্ষণের মধ্যেই প্রযুক্তিগত গোলযোগ ধরা পড়ে। পাইলটরা কোনও ঝুঁকি না নিয়ে বিমানটিকে আবার দিল্লিতে ফিরিয়ে আনেন। সেখানেই জরুরি পরীক্ষা-নিরীক্ষার পর ফের যাত্রা শুরু করে বিমানটি।
সংস্থার এক মুখপাত্র জানান, 'নিরাপত্তা বিধি মেনে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। যাত্রীদের নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার। অসুবিধার জন্য আমরা দুঃখিত।' বিমানে থাকা যাত্রীদের কোনও ক্ষতি হয়নি। পরিষেবা বিঘ্নিত হওয়ায় সংস্থার পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতাও করা হয়েছে বলে জানানো হয়।
বুধবার ইন্ডিগো বিমানের (IndiGo Flight emergency landing) একটি ইঞ্জিন আচমকাই বন্ধ হয়ে যায়। তড়িঘড়ি মুম্বইয়ে জরুরি অবতরণ করানো হয় যাত্রীবাহী বিমানটির।
সূত্রে খবর, বুধবার রাত ৯টা ২৫ মিনিটে বিমানটি যখন মহারাষ্ট্রের আকাশপথ ছুঁয়েছিল সেইসময়েই পাইলট ককপিট থেকে ‘ফুল এমারজেন্সি’ ঘোষণা করেন। তার ১৭ মিনিট পর, রাত ৯টা ৪২-এ মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে নামিয়ে আনা হয় বিমানটিকে (IndiGo Flight emergency landing) ।