এই সরাসরি উড়ান পরিষেবা চালু হওয়ায় ভারত ও গ্রিসের মধ্যে পর্যটন, ব্যবসা এবং সাংস্কৃতিক যোগাযোগ আরও মজবুত হবে বলে মনে করছে বিমান পরিবহণ শিল্পের একাংশ।

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 24 January 2026 14:14
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় পর্যটকদের কাছে গ্রিস এখন আরও সহজে পৌঁছনোর জায়গা। দক্ষিণ-পূর্ব ইউরোপের এই দেশটি - এজিয়ান ও আয়োনিয়ান সাগরে ছড়িয়ে থাকা হাজার হাজার দ্বীপ, সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির জন্য দীর্ঘদিন ধরেই পর্যটকদের আকর্ষণের কেন্দ্র। এবার সেই গ্রিসে যাওয়ার পথ আরও মসৃণ করল ইন্ডিগো (india to greece indigo direct flight)।
গ্রিসের বৃহত্তম বিমান সংস্থা AEGEAN Airlines-এর সঙ্গে নতুন কোডশেয়ার পার্টনারশিপ ঘোষণা করেছে ইন্ডিগো (IndiGo Airlines)। এই চুক্তির ফলে গ্রিসের রাজধানী এথেন্সের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে ভারতের দুই প্রধান মহানগর - দিল্লি ও মুম্বই (Delhi Mumbai to Greece direct flight।
কোডশেয়ার ফ্লাইট (codeshare flight) কী?
কোডশেয়ার ফ্লাইট হল এমন একটি ব্যবস্থা, যেখানে দুই বা ততোধিক বিমান সংস্থা একে অপরের ফ্লাইটে আসন বিক্রি করতে পারে। যাত্রীরা একটি সংস্থার ফ্লাইট নম্বরেই টিকিট বুক করেন, কিন্তু বাস্তবে উড়ানটি পরিচালনা করে অংশীদার সংস্থা। এর ফলে যাত্রীদের জন্য গন্তব্যের পরিসর অনেকটাই বেড়ে যায়।
ইন্ডিগোর ভারত–গ্রিস ফ্লাইট সূচি
২৩ জানুয়ারি, ২০২৬ থেকে ইন্ডিগো সপ্তাহে তিন দিন করে এথেন্স–মুম্বই ও এথেন্স–দিল্লি রুটে শুরু হল সরাসরি উড়ান। এই পরিষেবার জন্য ব্যবহার করা হবে ভারতের প্রথম Airbus A321XLR বিমান, যা লং-হল ন্যারো-বডি অপারেশনের ক্ষেত্রে একটি বড় মাইলফলক।
মুম্বই–এথেন্স (কার্যকর হল ২৩ জানুয়ারি, ২০২৬)
ফ্রিকোয়েন্সি: সপ্তাহে তিন দিন
দিল্লি–এথেন্স (কার্যকর হবে ২৪ জানুয়ারি, ২০২৬)
ফ্রিকোয়েন্সি: সপ্তাহে তিন দিন
এই সময়সূচি এমনভাবে সাজানো হয়েছে যাতে ভারত থেকে দিনের বেলায় যাত্রা করা যায় এবং ফেরার পথে রাতের উড়ান পাওয়া যায়। এর ফলে নিছক ভ্রমণ হোক বা কর্মসূত্র - দু'ক্ষেত্রেই সুবিধা। পাশাপাশি, এথেন্স হয়ে ইউরোপের অন্যান্য দেশে যাওয়ার সংযোগও আরও মসৃণ হবে AEGEAN Airlines-এর কোডশেয়ার নেটওয়ার্কের মাধ্যমে।
অনবোর্ড অভিজ্ঞতা ও ইন-ফ্লাইট সুবিধা
ভারত–গ্রিস রুটে চলা ইন্ডিগোর Airbus A321XLR বিমানে থাকবে ডুয়াল-ক্লাস কেবিন কনফিগারেশন, দীর্ঘ দূরত্বের যাত্রায় আরাম বাড়ানোর পাশাপাশি ইন্ডিগোর কার্যকর অপারেশন মডেল বজায় রাখাই লক্ষ্য।
ইন্ডিগোর সিইও পিটার এলবার্স বলেন, “এথেন্স ইন্ডিগোর জন্য অত্যন্ত বিশেষ একটি গন্তব্য। ভারতের প্রথম A321XLR বিমানে পরিচালিত প্রথম আন্তর্জাতিক রুট হিসেবেই নয়, বরং ভারত ও গ্রিসের মধ্যে সরাসরি উড়ান চালু করা প্রথম ভারতীয় বিমান সংস্থা হওয়াটাও আমাদের কাছে গর্বের। এই নতুন এভিয়েশন করিডর ভারতের বৈশ্বিক সংযোগ আরও মজবুত করবে এবং দেশকে গ্লোবাল এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন।”
এই সরাসরি উড়ান পরিষেবা চালু হওয়ায় ভারত ও গ্রিসের মধ্যে পর্যটন, ব্যবসা এবং সাংস্কৃতিক যোগাযোগ আরও মজবুত হবে বলে মনে করছে বিমান পরিবহণ শিল্পের একাংশ।
এই দ্বিপাক্ষিক কোডশেয়ার চুক্তির মাধ্যমে শুধু ভারত–গ্রিস নয়, ভারতীয় যাত্রীরা ইউরোপের আরও ১০টির বেশি গন্তব্যে সহজে পৌঁছতে পারবেন। AEGEAN Airlines পরিচালিত এই গন্তব্যগুলির মধ্যে রয়েছে ইতালি, স্পেন এবং বুলগেরিয়া-সহ একাধিক ইউরোপীয় দেশ।
খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীর ইতিহাস বহন করা এথেন্স শহর বহুদিন ধরেই ভ্রমণপিপাসুদের স্বপ্নের গন্তব্য। তার সঙ্গে গ্রিসের বৈচিত্র্যময় সৈকত—স্যান্টোরিনির কালো বালির সমুদ্রতট থেকে শুরু করে মাইকোনোসের জমজমাট পার্টি রিসর্ট—এবার ভারতীয় পর্যটকদের আরও হাতের নাগালে এল।