ভারতের সবচেয়ে ব্যস্ত বিমান সংস্থাগুলির মধ্যে একটি ইন্ডিগো (IndiGo)। প্রতিদিন এই সংস্থা প্রায় ২ হাজার ৩০০টি বিমান পরিচালনা করে। গত দু’দিন ধরে দেশজুড়ে তাদের পরিষেবায় ব্যাঘাত ঘটেছে।
.jpg.webp)
ইন্ডিগো বিমান বাতিল
শেষ আপডেট: 4 December 2025 19:52
দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে কার্যত অচলাবস্থায় ইন্ডিগোর (IndiGo) বিমান পরিষেবা। শতাধিক বিমান বাতিল হয়েছে, বহু বিমান দেরিতে উড়ছে, নাকাল হতে হচ্ছে যাত্রীদের। এর মধ্যেই কলকাতা বিমানবন্দরে শনিবারে আসা-যাওয়ার ১০টি বিমান বাতিলের ঘোষণা করল বিমান সংস্থা (IndiGo flight cancellation)। এরফলে পরিষেবায় ব্যাপক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার ইন্ডিগোর মোট ১০টি বিমানের কলকাতায় আসা-যাওয়া বাতিল করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের ( Airports Authority of India) পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লি ও নাগপুর থেকে একটি করে বিমান-সহ মোট পাঁচটি কলকাতাগামী বিমান বাতিল করা হয়েছে। একইভাবে কলকাতা থেকে দিল্লিগামী একটি বিমান-সহ আরও পাঁচটি উড়ান বাতিল হয়েছে।
শুধু বাতিল নয়, বৃহস্পতিবার বিপুল সংখ্যক বিমান পরিষেবা নির্ধারিত সময়ের অনেক পরেই পেয়েছেন যাত্রীরা। বিমানবন্দর সূত্রে খবর, মোট ৮৫টি বিমানের সময়সূচি ব্যাহত হয়। এর মধ্যে ৩৬টি বিমান দেরিতে কলকাতায় পৌঁছয়, যার মধ্যে রয়েছে মুম্বই, বেঙ্গালুরু, দিল্লি, জয়পুর, হায়দরাবাদ, আমদাবাদ, পাটনা ও গোয়া থেকে আসা বিমান।
৪৯টি বিমান নির্ধারিত সময়ের পরে কলকাতা থেকে রওনা দেয়- দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, গয়া, পাটনা, হায়দরাবাদ, নাগপুর ও আমদাবাদের মতো গুরুত্বপূর্ণ রুটগুলিতেও একই সমস্যা দেখা যায়।
অন্যান্য বিমানবন্দরের মতো কলকাতা বিমানবন্দরেও (Kolkata Airport) আজ সারাদিনে যাত্রীদের ভোগান্তির শেষ ছিল না। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা, বারবার সময় পরিবর্তনের ঘোষণা, পরিষেবায় অনিশ্চয়তা- সব মিলিয়ে বহু যাত্রী চরম অসন্তোষ প্রকাশ করেন।
ভারতের সবচেয়ে ব্যস্ত বিমান সংস্থাগুলির মধ্যে একটি ইন্ডিগো (IndiGo)। প্রতিদিন এই সংস্থা প্রায় ২ হাজার ৩০০টি বিমান পরিচালনা করে। গত দু’দিন ধরে দেশজুড়ে তাদের পরিষেবায় ব্যাঘাত ঘটেছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, 'একাধিক অপ্রত্যাশিত অপারেশনাল চ্যালেঞ্জের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।'
জানা গেছে, ক্রু-সংকট (IndiGo crew shortage), ডিউটির সময় নিয়ে নতুন নিয়ম এবং প্রযুক্তিগত গোলযোগ- এই তিন কারণেই দিল্লি, মুম্বই, হায়দরাবাদ-সহ বড় বড় বিমানবন্দরে ইন্ডিগোর পরপর বিমান বাতিল হতে শুরু করে। সংস্থা সূত্রের খবর, ১ নভেম্বর থেকে নতুন ডিউটির সময়ের নিয়ম চালু হওয়ার পরই ইন্ডিগোতে পাইলট ও কেবিন ক্রুর বড় ধরনের ঘাটতি (Airline disruptions) তৈরি হয়।
নতুন নিয়মে পাইলটদের বিমান ওড়ানোর সময় সীমিত হয়ে যাওয়ায় প্রয়োজনীয় সংখ্যক পাইলট পাওয়া যায়নি। ফলে পুরো রোস্টারই বদলে ফেলতে বাধ্য হয় সংস্থা।
পাইলট ও অন্যান্য ক্রুদের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করতে ডিজিসিএ ডিউটির সময়ে নতুন নিয়ম বেঁধে দিয়েছে। এখন পাইলটরা দিনে সর্বোচ্চ ৮ ঘণ্টা, সপ্তাহে ৩৫ ঘণ্টা, মাসে ১২৫ ঘণ্টা এবং বছরে সর্বাধিক ১ হাজার ঘণ্টা কাজ করতে পারবেন।
বিমানে দায়িত্ব পালনের পর ক্রুদের বিশ্রামের জন্য বাধ্যতামূলক সময়ও নির্ধারণ করা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে কমপক্ষে ১০ ঘণ্টা বিরতি দিতে হবে, যাতে তারা পরবর্তী উড়ানের আগে যথেষ্ট বিশ্রাম পান।