২০২৫ সালে ভারতের ধনকুবেরদের (India's Top Billionaires In 2025) তালিকায় নাম যাঁদের, তাঁদের জীবনের গল্প প্রমাণ করে সঠিক মানসিকতা, দক্ষতা ও শিক্ষার মেলবন্ধনই পারে সাফল্যের চাবিকাঠি হতে।

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 4 October 2025 15:11
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সালে ভারতের ধনকুবেরদের (India's Top Billionaires In 2025) তালিকায় নাম যাঁদের, তাঁদের জীবনের গল্প প্রমাণ করে সঠিক মানসিকতা, দক্ষতা ও শিক্ষার মেলবন্ধনই পারে সাফল্যের চাবিকাঠি হতে। শিল্প থেকে ওষুধ, টেলিকম থেকে সফটওয়্যার — বিভিন্ন ক্ষেত্রে নিজেদের সাম্রাজ্য গড়ে তুলেছেন এ দেশের সবচেয়ে ধনী দশ জন (Richest People In India 2025)।
দেখে নেওয়া যাক, তাঁদের মধ্যে শীর্ষ পাঁচ জনের সম্পদের পরিমাণ এবং শিক্ষাগত যোগ্যতা
মুকেশ আম্বানি (রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড)
সম্পদ: ১১৯.৫ বিলিয়ন মার্কিন ডলার (৪ অক্টোবর, ২০২৫ অনুযায়ী)
ফোর্বসের তালিকার শীর্ষে রয়েছেন দেশের অন্যতম প্রভাবশালী শিল্পপতি মুকেশ আম্বানি (Mukesh Ambani)। তিনি মুম্বই বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি (UICT) থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। পরে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করার জন্য ভর্তি হলেও, রিলায়্যান্সের কাজে যুক্ত হতে পড়াশোনা অসম্পূর্ণ রেখেছিলেন।
আম্বানির নেতৃত্বে রিলায়্যান্স এখন জ্বালানি, টেলিকম, খুচরো ব্যবসা থেকে প্রযুক্তি — সবক্ষেত্রেই অগ্রণী।
গৌতম আদানি (আদানি গ্রুপ)
সম্পদ: আনুমানিক ২২০ বিলিয়ন মার্কিন ডলার
দেশের দ্বিতীয় ধনকুবের গৌতম আদানি (Gautam Adani) আজ যে অবস্থানে, সেখানে পৌঁছানোর পথে তাঁর শিক্ষা জীবনের ভূমিকা অল্পই। সত্তরের দশকের শেষের দিকে মুম্বইয়ের একটি কলেজে ভর্তি হতে চেয়েছিলেন, কিন্তু ভর্তি হননি। পরবর্তী সময়ে তিনি ব্যবসার পথে নামেন। আর সেখানেই গড়ে ওঠে তাঁর আজকের বিশাল আদানি গ্রুপ, যার কাজ ছড়িয়ে রয়েছে বন্দর, শক্তি, পরিবহন ক্ষেত্রে।
সাবিত্রী জিন্দল (জিন্দল গ্রুপ)
সম্পদ: ৪০ বিলিয়ন মার্কিন ডলার
জিন্দল গ্রুপের কর্ণধার সাবিত্রী জিন্দল (Savitri Jindal) দেশের সবচেয়ে ধনী মহিলা। প্রয়াত ওম প্রকাশ জিন্দলের স্ত্রী হিসেবে তিনিই এখন গোষ্ঠীর চেয়ারম্যান। ইস্পাত, বিদ্যুৎ, সিমেন্ট থেকে পরিকাঠামো, প্রতিটি ক্ষেত্রে জিন্দল গ্রুপের বিশাল প্রভাব। শিক্ষাজীবনে খুব বেশি তথ্য প্রকাশ্যে নেই, তবে তাঁর নেতৃত্বে জিন্দল পরিবার শিল্পক্ষেত্রে নারী শক্তির প্রতীক হয়ে উঠেছে।
শিব নাদার (এইচসিএল গ্রুপ)
সম্পদ: ৩১.৬ বিলিয়ন মার্কিন ডলার
ভারতের আইটি বিপ্লবের অন্যতম মুখ শিব নাদার (Shiv Nadar)। তামিলনাড়ুর কুম্ভকোনম টাউন হায়ার সেকেন্ডারি স্কুল থেকে পড়াশোনা শুরু করে আমেরিকান কলেজ, মাদুরাই থেকে প্রি-ইউনিভার্সিটি শেষ করেন। পরে পিএসজি কলেজ অফ টেকনোলজি, কোয়েম্বাটুর থেকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন। এইচসিএল প্রতিষ্ঠা করে তিনি ভারতের প্রযুক্তি পরিষেবার মানচিত্রই বদলে দিয়েছেন।
দিলীপ সাংভি (সান ফার্মা)
সম্পদ: আনুমানিক ২৫ বিলিয়ন মার্কিন ডলার
ভারতের ফার্মাসিউটিক্যাল জগতের এক অনন্য নাম দিলীপ সাংভি (Dilip Shanghvi)। তিনি সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর, যা এখন দেশের অন্যতম মূল্যবান ওষুধ সংস্থা। তিনি গুজরাতের আজমেরা হাই স্কুলে পড়াশোনা করেন এবং কলকাতার ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। অল্প মূলধন দিয়ে শুরু করে আজ সান ফার্মা বিশ্ববাজারে ভারতীয় ওষুধ শিল্পের প্রতীক।
বিশেষজ্ঞদের মতে, ভারতের শীর্ষ কোটিপতিদের মধ্যে কেউ উচ্চশিক্ষিত, কেউ আবার মাঝপথেই পড়াশোনা ছেড়েছেন। কিন্তু সকলের মধ্যেই একটা মিল হল, উদ্ভাবনী চিন্তা, ঝুঁকি নেওয়ার সাহস এবং সময়ের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা।