ছবিতে দেখা গিয়েছে, ওই ভারতীয় ছাত্রকে পিছমোড়া করে হ্যান্ডকাফ বেঁধে মাটিতে ঠেসে ধরা হয়েছে।

ছেলেটিকে পিছমোড়া করে হ্যান্ডকাফ পরানো ছিল।
শেষ আপডেট: 9 June 2025 16:01
দ্য ওয়াল ব্যুরো: এক ভারতীয় ছাত্রকে আমেরিকা থেকে বিতাড়ণের জন্য বিমানবন্দরের মাটিতে পেড়ে ফেলার মর্মান্তিক ভিডিও প্রকাশ্যে এসেছে। ছবিতে দেখা গিয়েছে, ওই ভারতীয় ছাত্রকে পিছমোড়া করে হ্যান্ডকাফ বেঁধে মাটিতে ঠেসে ধরা হয়েছে। আমেরিকার নিউআর্ক বিমানবন্দরে তোলা এই ভিডিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ বসবাসকারীদের দেশছাড়া করার পদ্ধতি নিয়ে ফের প্রশ্ন খাড়া করে দিল।
ভারতীয় বংশোদ্ভূত উদ্যোগপতি কুণাল জৈনের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এই ভিডিওতে তিনি লিখেছেন, অল্পবয়সি ছাত্রটি কাঁদছে, চিৎকার করছে। তার সঙ্গে কর্তৃপক্ষ যেন দাগি আসামির মতো আচরণ করছিল। কুণাল জৈন আমেরিকায় কাজ করা ভারতীয় দূতাবাসকে বলেন, এ ব্যাপারটি যেন তারা দেখে এবং ছাত্রটিকে সাহায্যে এগিয়ে আসে।
জৈন এক্সে লিখেছেন, গত রাতে ইউআর্ক বিমানবন্দরে একটি তরুণ ভারতীয় ছাত্রকে দেশছাড়া করার সময়ে আমি সেখানে ছিলাম। গোটা পর্বটি আমার চোখের সামনে ঘটেছে। ছেলেটিকে পিছমোড়া করে হ্যান্ডকাফ পরানো ছিল। তাকে জোর করে পুলিশ অফিসাররা মাটিতে ফেলে দিয়ে চেপে ধরেছিল। আর ছেলেটি কাঁদছিল। ওরা এমন ব্যবহার করছিল, যেন সে ছাত্র নয়, কোনও অপরাধী।
জৈন আরও লিখেছেন, ছেলেটি ব্যথা-যন্ত্রণায় চিৎকার করেনি। তার স্বপ্ন ব্যর্থ হওয়ায় কাঁদছিল। একজন অনাবাসী ভারতীয় হিসেবে আমি ওর অসহায়তা টের পেয়েছি। মন ভেঙে গেলে কী হয় বুঝতে পারি। এটা যে কোনও মানুষেরই দুঃখের দিন, লিখেছেন হেল্থবটস এআইয়ের প্রেসিডেন্ট কুণাল জৈন। তাঁর লেখা অনুযায়ী ঘটনাটি ঘটে নিউ জার্সির নিউআর্ক বিমানবন্দরে। পাশে যে পুলিশ অফিসার ছিলেন, তাঁর টুপিতে লেখা রয়েছে পোর্ট অথরিটি পুলিশ।