রবিবারের জনসভায় প্রধানমন্ত্রী বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি ধীরে ধীরে বিদেশ থেকে জ্বালানি আমদানি কমিয়ে দেব।

মোদী-পুতিন-ট্রাম্প (ফাইল ছবি)
শেষ আপডেট: 15 September 2025 09:55
দ্য ওয়াল ব্যুরো: বিদেশ থেকে জ্বালানি তেল ও গ্যাস আমদানির পরিমাণ কমিয়ে দেবে ভারত। পরিবর্তে দেশে মজুত খনিজ তেল উত্তোলন বাড়ানো হবে। বৃদ্ধি করা হবে বিকল্প জ্বালানির ব্যবহার।
অসমের নিমালিগয়ড়ে একটি ইথানল প্ল্যান্টের উদ্বোধন অনুষ্ঠানের ভাষণে প্রধানমন্ত্রী এই কথা বলেছেন। তাঁর কথায়, ভারত এক বৃহৎ অর্থনীতি। কিন্তু আমাদের দুর্বলতা হল আমরা জ্বালানির ক্ষেত্রে আত্মনির্ভর হতে পারিনি। প্রধানমন্ত্রী বলেন, ইথানল এক উপযুক্ত বিকল্প হতে পারে। অসমের ইথানল প্ল্যান্টটির কয়েক বছর আগে শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী।
সেখানেই রবিবারের জনসভায় প্রধানমন্ত্রী বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি ধীরে ধীরে বিদেশ থেকে জ্বালানি আমদানি কমিয়ে দেব।
প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর জল্পনা শুরু হয়েছে মার্কিন চাপেই কি কেন্দ্রীয় সরকার জ্বালানি আমদানি নিয়ে নতুন পথে চলার সিদ্ধান্ত নিল?
ভারতীয় পণ্যের উপর আমেরিকার ৫০ শতাংশ শুল্ক চাপানোর পিছনে রাশিয়া থেকে খনিজ তেল আমদানির সম্পর্ক রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ রাশিয়ার থেকে তেল আমদানি করে ভারত আসলে পুতিনের দেশকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অর্থ জোগাচ্ছে। ভারতের উপর চাপানো মার্কিন শুল্কের ২৫ শতাংশই রাশিয়ার থেকে তেল আমদানিজনিত জরিমানা।
মার্কিন প্রশাসন স্পষ্ট জানিয়েছে, ভারত রুশ তেল আমদানি বন্ধ না করলে জরিমানার অঙ্ক কমবে না।
জবাবে ভারত আমদানি অব্যাহত রাখার কথা বললেও হালে প্রধানমন্ত্রী মোদী এবং ডোনাল্ড ট্রাম্প দূরত্ব কমানোর ইঙ্গিত দিয়েছেন। বিবাদ মিটিয়ে বন্ধুত্ব বজায় রাখার বার্তা দিয়েছেন দুজনেই।
সংশ্লিষ্ট মহলের একাংশ মনে করছে, আমেরিকাকে বার্তা দিতেই প্রধানমন্ত্রী বিদেশের উপর জ্বালানি নির্ভরতা কমানোর বার্তা দিয়েছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবনাচিন্তা করছে।