রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদে পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করল ভারত। ভারতীয় প্রতিনিধি ক্ষীতিজ ত্যাগীর অভিযোগ, পাকিস্তান নিজেদের মানুষকেই বোমা মেরে হত্যা করছে, তারাই আবার ভারতের বিরুদ্ধে তুলছে ভিত্তিহীন অভিযোগ।

ক্ষীতিজ ত্যাগী
শেষ আপডেট: 24 September 2025 09:45
দ্য ওয়াল ব্যুরো: রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদের বৈঠকে পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করল ভারত। মঙ্গলবার পরিষদের অ্যাজেন্ডা আইটেম-৪ আলোচনায় ভারতীয় কূটনীতিক ক্ষীতিজ ত্যাগী সরাসরি অভিযোগ করেন, 'ইসলামাবাদ নিজেদের মানুষকেই বোমা মেরে হত্যা করছে, অথচ সেই একই মঞ্চকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে চলছে।'
২০১২ ব্যাচের ভারতীয় ফরেন সার্ভিস অফিসার ক্ষীতিজ ত্যাগী পাকিস্তানের বক্তব্যকে 'ভিত্তিহীন ও উস্কানিমূলক' বলে বর্ণনা করে বলেন, 'যারা নিজেদের দেশ চালাতে ব্যর্থ, অর্থনীতি বাঁচাতে হিমশিম খাচ্ছে, সেনার দাপটে রাজনীতি স্তব্ধ হয়ে আছে, এবং মানবাধিকারের ইতিহাস কলঙ্কিত, তারা বরং ভারতের ভূমি দখলদারিত্ব ছেড়ে দিক।' তাঁর অভিযোগ, একদিকে রাষ্ট্রপুঞ্জে বারবার সন্ত্রাসবাদ রফতানি করছে, জঙ্গিদের আশ্রয় দিচ্ছে, অন্যদিকে নিজেদের মানুষজনকেই বোমা মেরে খুন করছে।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার তিরাহ ভ্যালির মাতরে দারা গ্রামে ভয়াবহ বিমান হামলায় ৩০ জন সাধারণ মানুষের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ছিলেন মহিলা ও শিশুরাও। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার পর গ্রাম পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। পুড়ে যাওয়া গাড়ি, ভাঙা বাড়িঘর এবং ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হচ্ছে দেহ।
তারপরই ভারত পরিষদে এনিয়ে আওয়াজ তোলে। স্পষ্ট করে দেওয়া হয়, মানবাধিকার পরিষদের ম্যান্ডেট সর্বজনীন, নিরপেক্ষ ও পক্ষপাতহীন থাকা উচিত। দেশভিত্তিক ম্যান্ডেট তৈরি হলে তা পক্ষপাতের ধারণা তৈরি করে।
এদিকে, পাকিস্তানের মানবাধিকার কমিশন (HRCP) এ হামলায় সাধারণ মানুষের মৃত্যুতে গভীর উদ্বেগ জানিয়েছে এবং এর পূর্ণ তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চিত করার দাবি তুলেছে।