ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তানে প্রাণ হারিয়েছেন হাজারেরও বেশি মানুষ। এই কঠিন সময়ে কাবুলে ২১ টন ত্রাণ পাঠাল ভারত।

ত্রাণ গেল কাবুলে
শেষ আপডেট: 3 September 2025 09:28
দ্য ওয়াল ব্যুরো: ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানের পাশে দাঁড়াল ভারত। কাবুলে পৌঁছল ২১ টন ত্রাণ সামগ্রী। মঙ্গলবার এই খবর জানালেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর।
জয়শঙ্কর এক্স-এ লেখেন, 'ভারতের ভূমিকম্প ত্রাণসামগ্রী কাবুলে পৌঁছে গেছে। ২১ টন সামগ্রী এদিন বিমানযোগে পাঠানো হয়। এর মধ্যে রয়েছে কম্বল, তাঁবু, হাইজিন কিট, জল সংরক্ষণ ট্যাঙ্ক, জেনারেটর, রান্নার সামগ্রী, পোর্টেবল ওয়াটার পিউরিফায়ার, স্লিপিং ব্যাগ, ওষুধ, হুইলচেয়ার, স্যানিটাইজার, ওআরএস, জল পরিশোধনের ট্যাবলেট এবং চিকিৎসা সরঞ্জাম।'
তিনি আরও জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী দিনেও সাহায্য পাঠানো হবে। আফগানিস্তানে ত্রাণকাজ চালাতে ভারত অঙ্গীকারবদ্ধ।
রবিবার রাতে পূর্ব আফগানিস্তান কেঁপে ওঠে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.৩। সরকারি হিসাবে, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৪১১। জখম ৩,০০০-রও বেশি। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কুনার প্রদেশে। দুর্গম পাহাড়ি অঞ্চলে রাস্তা ভেঙে পড়ায় এবং মোবাইল নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজে বিপুল সমস্যা হচ্ছে।
জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক দফতর জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল নঙ্গরহার প্রদেশের কামা জেলা, পাকিস্তান সীমান্তের কাছে। সীমান্ত পেরিয়ে পাকিস্তানের কিছু অংশেও কম্পন অনুভূত হয়।
এদিকে, একের পর এক আফটারশকও (মাত্রা ৪ থেকে ৫) উদ্ধারের কাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। দুর্ঘটনা কবলিত এলাকায় এখনও আটকে রয়েছেন বহু মানুষ। চারটি প্রদেশ, কুনার, লঘমান, নঙ্গরহার এবং নুরিস্তানে ১২,০০০-রও বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অনুমান। বহু বাড়িঘর ও অবকাঠামো ধ্বংস হয়ে গিয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় একদিকে আন্তর্জাতিক সংস্থাগুলি যেমন ত্রাণ পাঠাচ্ছে, অন্যদিকে ভারতও দ্রুত উদ্যোগ নিয়েছে।