সমার্থক শব্দ হলেও নামেই সবটা আটকে। তাই এযুক্তি মানে কে। প্রতীকী প্রতিবাদেই সন্তুষ্ট তাঁরা।

মাইসোর পাক হল মাইসোর শ্রী (সংগৃহীত ছবি)
শেষ আপডেট: 23 May 2025 18:15
দ্য ওয়াল ব্যুরো: সালটা ২০১৯। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় সেনার বাসে জঙ্গি হামলা চলে। প্রাণ যায় ৪০ জন জওয়ানের। ঘটনার পর একাধিক পদক্ষেপ করে ভারত সরকার। ফুঁসতে থাকে দেশবাসী। পাকিস্তানের পণ্য-সহ একাধিক জিনিস বাতিল করা হয়। সেই সময় পাকিস্তানের বেকারি ভেবে হায়দরাবাদের করাচি বেকারিতে ভাঙচুর শুরু হয়। নিজামের শহর, মুসলিম জনসংখ্যা মোটের ওপর সন্তোষজনক হলেও রক্ষা পায়নি বেকারির একাধিক দোকান। 'করাচি বেকারি,' নামে করাচি থাকায় দোকান বন্ধের দাবি ওঠে।
একই ঘটনা হয় ২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলার পরও। প্রায় ছ'বছর ধরে নামে করাচি থাকার কারণ বিশ্লেষণ করেও লাভ হয়নি। মানুষ ভুলে যায়, হয়তো ভুলে গিয়েই এবারও একই আচরণ করে। বেশ কিছুদিন হায়দরাবাদের কয়েকটি শাখা বন্ধও রাখতে হয় করাচি বেকারিকে। পরে মানুষ শান্ত হলে ঠিক হয় সব। কিন্তু এসবের মাঝেই আরেক কাণ্ড হয় রাজস্থানে। পাক মানেই পাকিস্তান, এটা ধরে নিয়ে বিখ্যাত মিষ্টির নামই পাল্টে দেওয়া হয় রাজস্থানে।
একটা দোকান নয়, পর পর একাধিক দোকানে এমন হতে থাকে। ভাইরাল হলে বিষয়টি শিরোনামে উঠে আসে। জানা যায়, ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে রাজস্থানের জয়পুরে একাধিক মিষ্টির দোকানে দক্ষিণ ভারতের জনপ্রিয় মাইসোর পাকের নতুন নামকরণ করা হয়। পাক উড়িয়ে দিয়ে বদলে রাখা হয় শ্রী। অর্থাৎ ক্রেতাদের দোকানে গিয়ে বলতে হচ্ছে 'মাইসোর শ্রী' চাই। শুধু এই মিষ্টি নয়, অন্যান্য পাক-যুক্ত যেকোনও মিষ্টির ক্ষেত্রেই একই পদক্ষেপ করা হয়েছে।
এক দোকানদার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'আমরা সব মিষ্টির নাম থেকে ‘পাক’ শব্দটি সরিয়ে দিয়েছি। ‘মোতি পাক’ এখন ‘মোতি শ্রী’, ‘গোন্দ পাক’ হয়েছে ‘গোন্দ শ্রী’, আর ‘মাইসোর পাক’ হয়েছে ‘মাইসোর শ্রী’।'
যদিও ‘পাক’ শব্দটি পাকিস্তানকে বোঝায় না। এটি মূলত কন্নড় ভাষার একটি শব্দ, যার অর্থ মিষ্টি বা চিনির সিরা। দক্ষিণ ভারতের কর্নাটক রাজ্যের ঐতিহ্যবাহী মিষ্টি ‘মাইসোর পাক’-এ এই ‘পাক’ শব্দটি চিনির সিরা অর্থেই ব্যবহৃত হয় বলে জানাচ্ছেন খাদ্যরসিকরা।
সমার্থক শব্দ হলেও নামেই সবটা আটকে। তাই এযুক্তি মানে কে। প্রতীকী প্রতিবাদেই সন্তুষ্ট তাঁরা।
নেটিজেনদের একাংশ এই খবরে মিমের কন্টেন্ট পেলেও, অনেকেই আবেগের চোখে বিচার করছেন। কেউ কেউ এটিকে দেশপ্রেম হিসেবে দেখছেন, কেউ আবার দেশের প্রতি ভাসবাসার ফল বলেই মনে করছেন।
তবে, শ্রী কীভাবে জায়গা করে নিল, তা অবশ্য জানা যায়নি।