ইরানে চলতে থাকা অশান্ত পরিস্থিতির জেরে সেখানে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে সক্রিয় কেন্দ্র। শুক্রবারই প্রথম দফায় কয়েকজনকে দেশে আনার সম্ভাবনা।

ইরানে আটকে পড়া ভারতীয়রা
শেষ আপডেট: 15 January 2026 18:41
দ্য ওয়াল ব্যুরো: ইরানে (Iran) চলছে খামেইনেই বিরোধিতা। অশান্ত পরিস্থিতিতে ১০ হাজারেরও বেশি ভারতীয় সেখানে আটকে পড়েছেন। অনেকেই সোশ্যাল মিডিয়ায় বর্তমান পরিস্থিতির কথা জানিয়ে পোস্ট করেন। তাঁদের ফেরানোর দাবি জানান জম্মু ও কাশ্মীর পিপল ডেমোক্র্যাটিক পার্টির সাংসদ মেহবুবা মুফতি। সবকিছু বিবেচনা করে এবার পদক্ষেপের পথে ভারত।
এদেশের নাগরিকদের (Indian nationals) নিরাপদে দেশে ফেরানো হবে। সূত্রের খবর, উদ্ধার অভিযানের (Evacuation) প্রথম ধাপ খুব শীঘ্রই শুরু হতে চলেছে। সব ঠিক থাকলে, আগামীকালই প্রথম দফায় তাদের উড়িয়ে আনা হতে পারে।
ইরানে পড়তে যাওয়া ভারতীয় ছাত্রছাত্রীদের (Indian students) অভিভাবকেরা জানিয়েছেন, প্রথম ব্যাচের পড়ুয়াদের আগামীকাল সকাল ৮টার মধ্যে প্রস্তুত থাকতে বলা হয়েছে। গুছিয়ে রাখতে বলা হয়েছে সমস্ত কাগজপত্র (Documents) এবং যেকোনও মুহূর্তে যাতে রওনা দিতে পারে তারা, সেভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে যাত্রীদের একটি তালিকা (Passenger manifest) প্রস্তুত হচ্ছে। ভারত ও ইরানের (India, Iran) একাধিক দফতরের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় সব অনুমোদন (Approvals) নেওয়ার প্রক্রিয়াও চলছে একই সঙ্গে।
সরকারি সূত্রে খবর, পরিস্থিতির (Ground situation) ওপর নজর রেখেই প্রতিটি পদক্ষেপ করা হচ্ছে। প্রয়োজন হলে দ্রুত প্রতিক্রিয়া জানানো এবং ভারতীয় নাগরিকদের নিরাপদ যাত্রা (Safe travel) নিশ্চিত করাই এই মুহূর্তে সরকারের প্রধান লক্ষ্য। পরিস্থিতি প্রতিনিয়ত বদলাচ্ছে বলে পরিকল্পনাগুলিও নিয়মিত পর্যালোচনা (Review) করছেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা।
ইতিমধ্যেই ইরানে থাকা ভারতীয় দূতাবাস (Indian Embassy in Iran) দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের তথ্য সংগ্রহ শুরু করেছে। তবে এই কাজে বড় বাধা হয়ে এখন একাধিক এলাকায় ইন্টারনেট পরিষেবা (Internet blackout) বন্ধ থাকা। যোগাযোগ ব্যবস্থা (Communication) ব্যাহত হওয়ায় অনেক জায়গা থেকে তথ্য পেতে দেরি হচ্ছে।
ইরানে ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তা (Safety) নিয়ে উদ্বেগ বাড়ছে ক্রমেই। গত মাসের শেষদিকে ইরানের মুদ্রা রিয়াল (Rial) রেকর্ড পরিমাণে পড়ে যায় আর তারপরই রাজধানী তেহরানে (Tehran) শুরু হয় বিক্ষোভ। প্রথমে এই আন্দোলন অর্থনৈতিক সংকট (Economic issues) ঘিরে হলেও, ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে দেশের সবকটি অর্থাৎ ৩১টি প্রদেশে (Provinces)। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, বিক্ষোভকারীরা রাজনৈতিক পরিবর্তনের (Political change) দাবিও তুলতে শুরু করেন।
মানবাধিকার সংগঠনগুলির (Rights groups) দাবি, দেশজুড়ে এই আন্দোলন দমনে কড়া পদক্ষেপ করা এখনও পর্যন্ত অন্তত ৩,৪২৮ জনের মৃত্যু হয়েছে। সাম্প্রতিক কয়েক দিনে পরিস্থিতির আরও অবনতি হয়েছে জানাচ্ছে বিভিন্ন রিপোর্ট।
আনুমানিক হিসাব অনুযায়ী, বর্তমানে ইরানে যে ১০ হাজারেরও বেশি ভারতীয় (Over 10,000 Indians) বসবাস করছেন। তাঁদের মধ্যে ছাত্রছাত্রী ছাড়াও তীর্থযাত্রী (Pilgrims), ব্যবসায়ী (Business persons) এবং পর্যটকেরা (Tourists) রয়েছেন। বুধবার ভারত সরকার (India) আনুষ্ঠানিকভাবে সেখানে থাকা সব ভারতীয় নাগরিককে যত দ্রুত সম্ভব দেশ ছাড়ার (Leave Iran) পরামর্শ দিয়েছে এবং নতুন করে ইরানে যাত্রা এড়িয়ে চলতে বলা হয়েছে।
তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস (Embassy in Tehran) জারি করা এক নির্দেশিকায় (Advisory) জানিয়েছে, বাণিজ্যিক বিমান (Commercial flights) বা যে কোনও উপলব্ধ পরিবহণ ব্যবহার করে ইরান ত্যাগ করতে হবে। একই সঙ্গে পরিস্থিতির দিকে নজর রেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও স্পষ্ট করা হয়েছে।
সব মিলিয়ে, ইরানের অশান্ত আবহে (Unrest) ভারতীয়দের নিরাপদে ফেরাতে কেন্দ্রের উদ্যোগ এখন সবচেয়ে বড় ভরসা। প্রথম দফার উদ্ধার অভিযান কীভাবে বাস্তবায়িত হয়, সেদিকেই এখন তাকিয়ে দেশ।