
প্রতীকী চিত্র
শেষ আপডেট: 24 May 2024 18:26
দ্য ওয়াল ব্যুরো: চলতি গ্রীষ্মে হিটস্ট্রোকে দেশে ৬০ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েন ৬০ হাজারের বেশি মানুষ। ন্যাশনাল সেন্টার অব ডিজিজ কন্ট্রোল-এর রিপোর্টে বলা হয়েছে, গত ১ মার্চ ৩২ জনের মৃত্যু হয়েছে প্রত্যক্ষ হিটস্ট্রোকে। ২৮ জন মারা গিয়েছেন হিটস্ট্রোকের উপসর্গে।
গত ২২ মে অন্ধ্রপ্রদেশ এবং রাজস্থানের কোটায় ২ জন মারা গিয়েছেন। গরমের শুরু থেকে এ পর্যন্ত ১৬ হাজার ৩৪৪ জন হিটস্ট্রোকে অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে কেবলমাত্র ২২ মে অসুস্থ হয়েছিলেন ৪৮৬ জন।
হিটস্ট্রোক হল চিকিৎসার পরিভাষায় শরীর যখন খুব গরম হয়ে যায় এবং শরীরে জলের মাত্রা অত্যন্ত পরিমাণে কমে আসে। যার ফলে শরীরের বিভিন্ন প্রত্যঙ্গের কাজ করার ক্ষমতা কমে যায়। বিশেষত মস্তিষ্ক, লিভার এবং কিডনির কার্যক্ষমতা নেমে যাওয়ায় মৃত্যু পর্যন্ত হতে পারে।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন এনসিডিসি এই রিপোর্ট জানিয়েছে। ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভেল্যান্স প্রোগ্রামের অন্তর্গত এই সংস্থা হিটস্ট্রোক সংক্রান্ত সুসংহত সমীক্ষা রিপোর্ট তৈরি করে।
এক আধিকারিক জানান, প্রতি ২৪ ঘণ্টায় কেউ না কেউ হিটস্ট্রোকে অসুস্থ অথবা মৃত্যুর মুখে পড়ছেন। উত্তর ও মধ্য ভারতে চলতি গরমে কেন্দ্র নতুন করে নির্দেশিকা বা সুপারিশ দিয়েছে। সব হাসপাতালকে গরমে অসুস্থতা সংক্রান্ত চিকিৎসা সুবন্দোবস্ত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য জরুরি ওষুধ ও সরঞ্জাম তৈরি রাখতে বলা হয়েছে।
শুক্রবার বিকেলে ভারতের মৌসম ভবন রাজস্থান, বিদর্ভ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পশ্চিম উত্তরপ্রদেশ এবং দিল্লিতে ২৪-২৭ মে পর্যন্ত লাল সতর্কতা জারি করেছে।