সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে যোগ দিতে পারেন।

ইন্ডিয়া জোট
শেষ আপডেট: 18 July 2025 10:45
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের পর কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়া ইন্ডিয়া জোট (INDIA) কি আবার সক্রিয় হচ্ছে? সেই জল্পনাই ফের উস্কে দিয়ে শনিবার সন্ধ্যায় হতে চলেছে জোটের শীর্ষ নেতৃত্বের বৈঠক। তবে বৈঠক ভার্চুয়াল-ই হবে বলে জানা গিয়েছে।
এই বৈঠক আয়োজনের উদ্যোগ নিয়েছে কংগ্রেস। আলোচনার মূল বিষয়, সংসদের বাদল অধিবেশনে যৌথ কৌশল এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি।
প্রথমে ঠিক হয়েছিল এই বৈঠক হবে দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে-র বাসভবনে। কিন্তু অনেক নেতা দিল্লি পৌঁছতে পারবেন না বলে জানান। তাই সিদ্ধান্ত বদলে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বৈঠক করার সিদ্ধান্ত হয়।
এই বৈঠকে অনলাইনেই অংশ নিচ্ছেন অখিলেশ যাদব (সমাজবাদী পার্টি), উদ্ধব ঠাকরে (শিবসেনা-উদ্ধব গোষ্ঠী), এম কে স্ট্যালিন (ডিএমকে) এবং আশ্চর্যের বিষয় - তৃণমূল কংগ্রেসও।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে যোগ দিতে পারেন। এটাই যদি বাস্তবায়িত হয়, তবে লোকসভা নির্বাচনের পরে প্রথমবার ইন্ডিয়া জোটের বৈঠকে অংশ নিচ্ছে তৃণমূল কংগ্রেস।
গত বেশ কয়েকটি অধিবেশনেই তৃণমূল ইচ্ছাকৃতভাবে জোটের বৈঠক থেকে দূরে ছিল। সেই অবস্থান বদলের ইঙ্গিত স্পষ্ট।
তবে আম আদমি পার্টি (AAP) এই বৈঠকে থাকবে কিনা, তা এখনও নিশ্চিত নয়। সূত্রের খবর, কংগ্রেসের তরফে যোগাযোগ করা হলেও আপ এখনও পর্যন্ত কোনও পরিষ্কার বার্তা দেয়নি।
এদিকে বিহার বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে। তার আগে বিরোধীদের ঐক্যের বার্তা দিতে চাইছে ইন্ডিয়া জোট। পাশাপাশি সংসদের বাদল অধিবেশনে কেন্দ্রের বিরুদ্ধে একযোগে আক্রমণও অন্যতম লক্ষ্য।
গত বাজেট অধিবেশন ও তার আগের শীতকালীন অধিবেশনে জোটের নেতারা এক টেবিলে বসেননি। এবার কি তবে বিরোধী ঐক্যের পরবর্তী অধ্যায় শুরু হচ্ছে, বিভিন্ন মহলে চলছে জল্পনা।