এদিকে দিল্লি যাওয়ার আগে বিমানবন্দর থেকে দিলীপ জানান, দলের কাজেই তিনি দিল্লি যাচ্ছেন।

শেষ আপডেট: 18 July 2025 08:14
দ্য ওয়াল ব্যুরো: আজ, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গ সফরের দিনেই দিল্লি রওনা হচ্ছেন দিলীপ ঘোষ - এমন খবর সামনে আসতেই নতুন করে চর্চা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে।
দলীয় পদ হারানোর পর থেকে রাজ্য বিজেপির সভা-সমাবেশে কার্যত অদৃশ্য ছিলেন দিলীপ ঘোষ। নিজেই কিছুদিন আগে অভিযোগ করেছিলেন, কোনও বৈঠকে ডাকা তো দূর, এমনকী বসার জন্য চেয়ারও নাকি দেওয়া হতো না তাঁকে। অথচ, বিজেপির একদা দাপুটে এই রাজ্য সভাপতি সম্প্রতি যেন একটু নড়েচড়ে বসেছেন। শমীক ভট্টাচার্য রাজ্য সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে দিলীপকে কিছুটা বেশি সক্রিয় দেখা যাচ্ছে, তা নিয়েও আলোচনা কিছু কম হয়নি।
এরই মধ্যে মোদীর রাজ্য সফরের খবর। আজ, দুর্গাপুরে হতে চলেছে প্রধানমন্ত্রীর সভা। প্রস্তুতি তুঙ্গে। একের পর এক রাজ্য নেতা সেখানে পৌঁছে যাচ্ছেন পরিদর্শনে। কিন্তু একটাই প্রশ্ন ঘুরপাক খাছিল - দিলীপ ঘোষ কি থাকবেন সভায়?
শুরুতে খবর ছিল, মোদীর সভায় তিনি উপস্থিত থাকবেন। তাতে গুঞ্জন ছড়ায়—দল কি তবে তাঁকে ফের গুরুত্ব দিচ্ছে? কিন্তু সেই সম্ভাবনায় জল ঢেলে দিলেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজেই। বৃহস্পতিবার দুর্গাপুরে মোদীর সভাস্থল ঘুরে দেখে সুকান্ত বলেন, “দিলীপদা শুক্রবার দিল্লি যাচ্ছেন। কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে ডেকেছে।”
এই মন্তব্যেই স্পষ্ট, মোদীর সভায় দিলীপ ঘোষ থাকছেন না।
এদিকে দিল্লি যাওয়ার আগে বিমানবন্দর থেকে দিলীপ জানান, দলের কাজেই তিনি দিল্লি যাচ্ছেন। তার কথায়, ‘কর্মীরা ডেকেছিলেন, তাই যাব বলেছিলাম। দল ডাকেনি, তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর সভায় যাচ্ছি না। অস্বস্তি বাড়াতে চাই না। দলের কাজে দিল্লি যাচ্ছি।’
এতেই রাজনৈতিক মহলে প্রশ্ন আরও ঘনীভূত হচ্ছে। কানাঘুষো চলছে, মাত্র ক’দিন আগেই তো দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করে ফিরেছেন দিলীপ। তবে কি আবার নতুন কোনও বার্তা নিয়ে যাচ্ছেন তিনি? না কি তাঁর দূরত্ব এখনও মেটেনি?
বিগত কয়েক বছরে মোদীর বাংলার বেশির ভাগ সভা থেকেই কার্যত ‘আউট অব স্ক্রিপ্ট’ ছিলেন দিলীপ ঘোষ। এবারের সভায়ও যে তিনি ডাক পাননি, তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে। যদিও সাংবাদিকদের একবার জানিয়েছিলেন, আমন্ত্রণ না পেলেও দর্শকাসনে বসে মোদীর ভাষণ শুনবেন। তবে সুকান্তর মন্তব্যে পরিষ্কার—সেই সুযোগও এবার থাকছে না।