তিনদিন আগেই শহরের রাজপথে মিছিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “আগামী দিনে দিল্লি দখল করবে ইন্ডিয়া জোট।” সেই বার্তাই আজ তুলে ধরবেন অভিষেক।

অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 19 July 2025 07:34
দ্য ওয়াল ব্যুরো: সংসদের বাদল অধিবেশন শুরুর ঠিক আগে বড় ধাক্কা ‘ইন্ডিয়া’ জোটে (INDIA Alliance)। আম আদমি পার্টি (আপ) জানিয়ে দিয়েছে, কংগ্রেসের ‘দ্বিচারিত’ মনোভাবের জেরে তারা আর ‘ইন্ডিয়া’ জোটে থাকছে না (AAP Breakaway)। ফলে আজ শনিবার কংগ্রেসের ডাকা ইন্ডিয়া জোটের অনলাইন (ভার্চুয়াল) বৈঠকেও অংশ নিচ্ছে না আপ।
আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং বলেন, “এটা কি ছেলেখেলা হচ্ছে? কংগ্রেস একবার কেজরিওয়ালকে আক্রমণ করে, আবার একবার মমতা, অখিলেশকে। ২০২৪ সালের ভোটের পর একটাও দৃশ্যমান পদক্ষেপ নেয়নি তারা জোটকে শক্তিশালী করতে। তাই আমরা আর ‘ইন্ডিয়া’ জোটে নেই।”
আপের এই অবস্থানের জেরে কংগ্রেস এবার তৃণমূল, সমাজবাদী পার্টির মতো আঞ্চলিক শরিকদের ধরে রাখতেই মরিয়া। সূত্রের খবর, তাই তৃণমূলকে অনুরোধ করা হয় আজকের বৈঠকে যোগ দিতে। জবাবে তৃণমূল জানায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) আজ সন্ধে সাতটায় কলকাতা থেকে অনলাইনে যোগ দেবেন বৈঠকে।
তিনদিন আগেই শহরের রাজপথে মিছিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “আগামী দিনে দিল্লি দখল করবে ইন্ডিয়া জোট।” সেই বার্তাই আজ তুলে ধরবেন অভিষেক।
এদিকে আগামিকাল, রবিবার সকাল ১১টায় সংসদ বিষয়ক মন্ত্রক ডেকেছে সর্বদলীয় বৈঠক। যদিও ২১ জুলাই শহিদ দিবসের প্রস্তুতির কারণে তৃণমূল সেই বৈঠকে থাকছে না।
২১ জুলাই থেকে ২১ অগস্ট পর্যন্ত চলবে বাদল অধিবেশন (Parliament Monsoon Session)। এর মধ্যেই ২৪ থেকে ২৬ জুলাই পর্যন্ত বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি— ব্রিটেন ও মলদ্বীপে, বাণিজ্যিক চুক্তি নিয়ে।
এবারের অধিবেশনে ইন্ডিয়া জোট সরকারের বিরুদ্ধে সরব হবে বিহারে বিতর্কিত এসআইআর (Special Intensive Revision) ইস্যুতে। বিরোধীদের অভিযোগ, জাতীয়ভাবে তা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি পহেলগামে জঙ্গি হামলার তদন্তে অগ্রগতির অভাব এবং চিন নিয়ে অবস্থান নিয়েও সরকারের জবাবদিহি চাইবে বিরোধীরা। তবে কেন্দ্র কোনও আলোচনাতেই আগ্রহী নয় বলেই খবর, ফলে উত্তেজনাপূর্ণ হতে চলেছে রবিবারের বৈঠক এবং গোটা অধিবেশন।