
শেষ আপডেট: 26 December 2023 15:03
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়ানে প্রথম টেস্ট ম্যাচে কোন কোন ভারতীয় ক্রিকেটার খেলবেন সেই নিয়ে জল্পনা ছিল। মহম্মদ শামির জায়গায় কে খেলবেন সেই নিয়ে উৎসাহ ছিল অনেকের মনে। রোহিত শর্মা টস করতে এসে জানিয়ে দেন, টেস্ট ক্রিকেটে অভিষেক হচ্ছে পেসার প্রশিদ্ধ কৃষ্ণার।
দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে মঙ্গলবার থেকেই। বক্সিং ডে টেস্ট ম্যাচে টস জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভূমা। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের কিছু টস হয়। ভিজে আছে আউটফিল্ডও। সেই পরিস্থিতিরই সুযোগ নিতে চাইছে দক্ষিণ আফ্রিকার বোলাররা।
চোটের কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন মহম্মদ শামি। তাই তাঁর জায়গায় কে খেলবেন, তাই নিয়ে সংশয় তৈরি হয়েছিল। শামির অনুপস্থিতি যে ভারতের জন্য বড় ক্ষতি তা প্রকাশ্যেই বলেন রোহিত। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, 'শামি সবসময়ই ভারতের জার্সিতে ভাল বল করেছেন। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়েছেন। তাঁর অভাব পূরণ করা সহজ হবে না।'
অনেকেই ভেবেছিলেন, এই ম্যাচে শামির জায়গায় মুকেশ কুমার খেলতে পারেন। তবে দেখা গেল প্রশিদ্ধ কৃষ্ণাকে প্রথম একাদশে রাখা হয়েছে। সেঞ্চুরিয়ানের পিচ পেস সহায়ক। তাই চার পেসার ও এক স্পিনারকে রেখে দল সাজিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়। প্রশিদ্ধ ছাড়া পেস বিভাগে দলে রয়েছেন জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ ও শার্দূল ঠাকুর।
অন্যদিকে, রবীন্দ্র জাডেজা ফিট না থাকায় প্রথম একাদশে সুযোগ পেলেন রবিচন্দ্রন অশ্বিন।
ভারতের প্রথম একাদশ: যশস্বী জয়ওসাল, রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, বুমরা, মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুর ও প্রশিদ্ধ কৃষ্ণা।