দক্ষিণী ছবির অত্যন্ত জনপ্রিয় অভিনেতা-গায়ক, টিভি উপস্থাপক সুরেশ গোপী জানান, তিনি আবার অভিনয়েই ফিরতে চান। তাঁর ক্যারিয়ার রাজনীতি নয়, ফিল্মি দুনিয়াতেই সীমাবদ্ধ।

কেন্দ্রীয় পেট্রলিয়াম, প্রাকৃতিক গ্যাস ও পর্যটন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুরেশ গোপী।
শেষ আপডেট: 13 October 2025 11:31
দ্য ওয়াল ব্যুরো: রোজগার কম। মোদী-সঙ্গ ছাড়তে চান কেন্দ্রীয় মন্ত্রী। কেন্দ্রীয় পেট্রলিয়াম, প্রাকৃতিক গ্যাস ও পর্যটন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুরেশ গোপীর ইচ্ছা রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার। অতীতে অভিনয় ছেড়ে তিনি রাজনীতিতে যোগ দিয়েছিলেন। দক্ষিণী ছবির অত্যন্ত জনপ্রিয় অভিনেতা-গায়ক, টিভি উপস্থাপক সুরেশ গোপী জানান, তিনি আবার অভিনয়েই ফিরতে চান। তাঁর ক্যারিয়ার রাজনীতি নয়, ফিল্মি দুনিয়াতেই সীমাবদ্ধ।
কেরলের সৈকত শহর কান্নুরে এক অনুষ্ঠানে ত্রিশূরের লোকসভা সদস্য অভিনেতা থেকে রাজনীতিক হওয়া গোপী বলেন, মন্ত্রীর ভূমিকায় নেমে তাঁর রোজগার দিনদিন অনেক কমে গিয়েছে। তাঁর কথায়, আমি সত্যিই অভিনয় চালিয়ে যেতে চাই। আমার রোজগার কমে গিয়েছে। আয় বাড়ানো প্রয়োজন। বিশ্বাস করুন বা না করুন, আমার এখন কোনও রোজগার নেই।
সুরেশ গোপী আরও বলেন, আমি হলাম দলের সর্বকনিষ্ঠ সদস্য। আমি বলেছি, রাজ্যসভা এমপি সি সদানন্দন মাস্টারকে মন্ত্রিসভায় তাঁর জায়গায় দিতে। রোজগার কমার হতাশা প্রকাশ করে বলেন, আমি কখনই মন্ত্রিত্ব চাইনি। নির্বাচনের মাত্র একদিন আগেও আমি সাংবাদিকদের বলেছিলাম, মন্ত্রী হওয়ার বাসনা আমার নেই। আমি সিনেমা জগতেই থাকতে চাই।
২০০৮ সালের অক্টোবরে আমি দলের সদস্য হই। প্রথম মানুষ আমাকে এমপি পদে নির্বাচিত করেন এবং দল মনে করে যে, আমি মন্ত্রী হওয়ার যোগ্য। প্রসঙ্গত, এ বছরের গোড়ার দিকে রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু বিজেপির প্রবীণ নেতা কান্নুরের সদানন্দন মাস্টারকে রাজ্যসভায় মনোনীত করেন। সুরেশ গোপী বলেন, বেশিরভাগ মানুষ তাঁর বক্তব্যের ভিন্ন অর্থ ও বিকৃত মানে বের করে টেনে আনেন। এটা অনেকের অভ্যেসে পরিণত হয়ে গিয়েছে। তিনি একবার জনতাকে প্রজা বলে উল্লেখ করায়, তা নিয়ে অনেক জলঘোলা হয়েছিল। দেশ প্রজাতন্ত্র হলে দেশের মানুষকে প্রজা বলায় আপত্তি কীসের, প্রশ্ন তোলেন তিনি।