উত্তরপ্রদেশের গোরখপুরে স্ত্রীকে বাজারে গুলি করে খুন ব্যক্তির। বিচ্ছেদের টানাপোড়েন চলছিল দীর্ঘদিন ধরেই। এ ঘটনার পর বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করল ১৩ বছরের মেয়ে।

সংগৃহীত ছবি
শেষ আপডেট: 5 September 2025 15:10
দ্য ওয়াল ব্যুরো: ১৪ বছরের বিয়ে, সম্পর্ক খারাপ হয়েছিল বেশ কিছু বছর আগে থেকে। ডিভোর্সের কথা উঠতে ঝামেলা আরও বাড়ে। রাগে গোরখপুরের জনবহুল বাজারে স্ত্রীকে গুলি করে খুন করলেন এক ব্যক্তি।
পুলিশের দাবি, ৩৪ বছরের বিষ্ণুকর্মা চৌহান প্রকাশ্যে স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালায়। মুহূর্তে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ৩২ বছরের মমতা চৌহান। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরই বাজারে উপস্থিত লোকজনের চাপে পড়ে অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ।
১৪ বছর আগে তাঁদের বিয়ে হয়েছিল। ১৩ বছরের একটি মেয়ে রয়েছে। তবে বিয়ের কয়েক বছর পর থেকেই সম্পর্কের অবনতি হয়। আলাদা থাকতেন মমতা ও তাঁর মেয়ে। পুলিশ জানিয়েছে, একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন মহিলা। স্বামীর সঙ্গে বিচ্ছেদ প্রক্রিয়া চলছিল। সেই নিয়ে সম্পর্ক আরও তিক্ত হয়।
অভিযোগ, মেয়ের ভরণপোষণ এবং পরিবারের কৃষিজমি হস্তান্তরের দাবি তুলেছিলেন তিনি। তার আগেই ডিভোর্সে সম্মতি দিতে নারাজ ছিলেন। ঠিক এই কারণেই স্ত্রীর সঙ্গে প্রকাশ্যে তর্ক শুরু হয় বিষ্ণুকর্মার। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাজারের ভিড়ের মধ্যেই আচমকা কোমর থেকে পিস্তল বের করে মমতার দিকে গুলি চালাতে শুরু করে অভিযুক্ত। দু’টি গুলি লাগে তাঁর শরীরে। ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
পুলিশি জেরায় বিষ্ণুকর্মা জানিয়েছেন, স্ত্রীকে তিনিই মেরেছেন এবং এই নিয়ে কোনও অনুশোচনা নেই। দাবি করেছেন, স্ত্রী তাঁর অর্থ অপচয় করছিলেন। এ দিকে, মেয়েটি পুলিশের কাছে লিখিত অভিযোগে বাবার বিরুদ্ধে হয়রানি ও পরকীয়ার অভিযোগ এনেছে।
বর্তমানে ধৃতকে গ্রেফতার করে খুনের মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।