মহাগঠবন্ধন এগিয়ে রয়েছে ৫১টি আসনে। তার মধ্যে আরজেডি ৩৫, সিপিআই(এমএল) ৭, কংগ্রেস ৫ এবং ভিআইপি ও সিপিআই(এম) - দুটি দলই একটি করে আসনে লড়াইয়ে এগিয়ে।

রাহুল গান্ধী
শেষ আপডেট: 14 November 2025 12:43
দ্য ওয়াল ব্যুরো: বিহারের ভোটগণনা (Bihar Election Result) যে পর্যায়ে রয়েছে তাতে স্পষ্ট 'ক্লিন স্যুইপ' করছে জেডিইউ জোট (JDU+)। প্রত্যাশিত ফলাফল হলেও ভোট শতাংশ এবং আসন সংখ্যা যে জায়গায় পৌঁছচ্ছে বলে ইঙ্গিত মিলছে তা অনেকেই কল্পনা করেননি। তবে এসবের মধ্যে বলা যায় খেই হারিয়ে ফেলেছে কংগ্রেস (Congress)। কারণ, মহাজোটে তাঁদের চেয়ে এগিয়ে বামেরাও (CPM)।
শেষ পাওয়া তথ্য অনুযায়ী, বিহারে বিজেপি, জেডিইউ, লোজপা(আরভি)-সহ এনডিএ জোট মোট ১৮৮টি আসনে এগিয়ে। এর মধ্যে বিজেপি ৮৪, জেডিইউ ৭৭, এলজেপি(আরভি) ২২, হামস ৫ এবং আরএলএম ২ আসনে এগিয়ে রয়েছে।
অন্যদিকে, মহাগঠবন্ধন (Mahagatbandhan) এগিয়ে রয়েছে ৫১টি আসনে। তার মধ্যে আরজেডি ৩৫, সিপিআই(এমএল) ৭, কংগ্রেস ৫ এবং ভিআইপি ও সিপিআই(এম) - দুটি দলই একটি করে আসনে লড়াইয়ে এগিয়ে। অর্থাৎ, মহাজোটে কংগ্রেসের চেয়ে এগিয়ে বামেরা।
বিষয়টি নিয়ে ইতিমধ্যেই খোঁচা দিতে শুরু করেছে বিজেপি (BJP)। দলের আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেছেন, আরও একবার ভোট, আরও একবার হার - এই শব্দবন্ধই রাহুল গান্ধীর নামের সঙ্গে সেঁটে গেছে। যদি নির্বাচন-বিশ্বে ধারাবাহিকতার পুরস্কার থাকত, রাহুলই তা জিতে নিতেন।
যদিও কোনও এক্সিট পোলই (Exit Poll) কংগ্রেসকে বিরাট কোনও জায়গায় রাখেনি। অ্যাক্সিস মাই ইন্ডিয়া বলেছিল কংগ্রেস ১৭–২১ আসন পেতে পারে। টুডেজ চাণক্যর সমীক্ষা জানিয়েছিল, ৬ থেকে ৩ আসন পেতে পারে অন্যান্যরা। তার মধ্যেই ধরা হয়েছিল কংগ্রেসকে।
এদিকে দেখা যাচ্ছে, বিহারে অমিত শাহের (Amit Shah) দেওয়া পূর্বাভাসও পিছনে ফেলে আরও বড় জয়ের দিকে ধেয়ে চলেছে এনডিএ। ভোটের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, এনডিএ “১৬০টির বেশি আসন” পেতে চলেছে। কিন্তু গণনার ট্রেন্ডে দেখা যাচ্ছে, জোট পৌঁছে গিয়েছে ১৮৬ আসনে।
তবে জিতলেও যে নীতীশ কুমার (Nitish Kumar) ১০ম বার মুখ্যমন্ত্রী হবেন, তার কোনও নিশ্চয়তা নেই। কারণ বিহার নির্বাচনের আগে কৌশলগত ভাবে বিজেপি কোনওভাবেই বলতে চায়নি যে পুনরায় জোটের মুখ্যমন্ত্রী প্রার্থী নীতীশ কুমারই। নরেন্দ্র মোদী (Narendra Modi) তো নয়ই, অমিত শাহকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে কখনওই সোজা সাপ্টা উত্তর দেননি। খুব পীড়াপীড়ি করলে বলেছেন, মুখ্যমন্ত্রী পদে কোনও ভ্যাকেন্সি নেই।
পর্যবেক্ষকদের অনেকের মতে, বিজেপি যে জোটের মধ্যে এগিয়ে শুধু তা নয়, লোক জনশক্তি নেতা চিরাগ পাসোয়ান প্রায় পুরোপুরি বিজেপির পকেটে রয়েছেন। চিরাগ বরাবরই নীতীশ বিরোধী বলে পরিচিত। ফলে নীতীশের পরিবর্তে বিজেপির কাউকে মুখ্যমন্ত্রী করার প্রশ্নে তাঁর দল অমিত শাহর পাশে থাকবে বলেই মনে করা হচ্ছে।