এই আবহেই জেডিইউ-র জেলবন্দি প্রার্থীকে ঘিরে তপ্ত হয়ে উঠেছে মোকামা। জনতা দল ইউনাইটেডের প্রার্থী এবং দুই দশকের রাজনৈতিক প্রভাবশালী মুখ অনন্ত সিং বর্তমানে খুনের মামলায় জেলে রয়েছেন।

অনন্ত সিং
শেষ আপডেট: 14 November 2025 12:16
দ্য ওয়াল ব্যুরো: বিহার ভোটের ফলাফল (Bihar Election Result) কী হবে, তা অনেকটাই স্পষ্ট হয়ে গেছে। নির্বাচন কমিশনের (ECI) তথ্য অনুযায়ী, এনডিএ এগিয়ে আছে ১৯১টি আসনে, যেখানে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১২২টি। অন্যদিকে, বিরোধী মহাজোট ধারে কাছেও পৌঁছতে পারছে না। ২৪৩ আসনের মধ্যে তারা এগিয়ে রয়েছে মাত্র ৪৮টি-তে।
এই আবহেই জেডিইউ-র জেলবন্দি প্রার্থীকে (Jailed Candidate) ঘিরে তপ্ত হয়ে উঠেছে মোকামা (Mokama)। জনতা দল ইউনাইটেডের প্রার্থী (JDU) এবং দুই দশকের রাজনৈতিক প্রভাবশালী মুখ অনন্ত সিং (Anant Singh) বর্তমানে খুনের মামলায় জেলে রয়েছেন। কিন্তু তাতে ভোটের ময়দানে তাঁর উপস্থিতি এতটুকু কমেনি। উল্টে নির্বাচনের ফল ঘোষণার আগে তাঁর সমর্থনে এলাকা জুড়ে পড়েছে একের পর এক পোস্টার।
একটি পোস্টারে স্পষ্ট হুঁশিয়ারির সুর - 'জেল কা ফাটাক টুটেগা, হমারা শের ছুটেগা।' স্থানীয়দের চোখে এই বার্তা যেন সিংয়ের শিবিরের রাজনৈতিক আত্মবিশ্বাসেরই প্রতিফলন।

অনন্ত সিংকে গত ২ নভেম্বর গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, জন সুরাজ পার্টির সমর্থক এবং প্রাক্তন আরজেডি নেতা দুলারচন্দ যাদবের হত্যাকাণ্ডে তাঁর ভূমিকা রয়েছে। যাদব প্রিয়দর্শী পীয়ূষের প্রচারের সময় খুন হন। ময়নাতদন্তের রিপোর্ট বলছে, হার্ট ও ফুসফুসে শক্ত আঘাতে কার্ডিয়োরেসপিরেটরি ফেইলিউরেই তাঁর মৃত্যু হয়েছে।
দলবদলের ইতিহাসেই অনন্ত সিংয়ের আলাদা পরিচয়
বিহার রাজনীতিতে ‘বাহুবলী’ পরিচয়ে পরিচিত অনন্ত সিংয়ের বিরুদ্ধে রয়েছে ২৮টি মামলা। তবুও মোকামায় পাঁচবারের বিধায়ক তিনি। ২০০৫ সালে জেডিইউ-র টিকিটে প্রথম নির্বাচিত হন। ২০১০ সালেও জেডিইউ-র হয়ে জেতেন। পরে ২০১৫-তে দল ছাড়েন যখন নীতীশ কুমার জোট করেন লালু প্রসাদের দলের সঙ্গে। স্বাধীন প্রার্থী হিসেবেও জিতেছেন।
২০২০-র নির্বাচনের আগে যোগ দেন আরজেডি-তে, সেবারও জয়ী হন। তবে ২০২২ সালে অস্ত্র আইনের মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় বিধায়ক পদ খোয়ান। তাঁর স্ত্রী নীলম দেবী উপনির্বাচনে আসনটি ধরে রাখেন। এবার আবার জেডিইউ-তেই ফিরে এসে লড়ছেন অনন্ত সিং। অষ্টম রাউন্ডের গণনা শেষে ১১ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন তিনি।
মোকামা কেন্দ্রের হাই-ভোল্টেজ লড়াই
৬ নভেম্বর প্রথম দফায় ভোট হয়েছে মোকামায়। তিন প্রধান প্রতিদ্বন্দ্বী - অনন্ত কুমার সিং (জেডিইউ), প্রিয়দর্শী পীয়ূষ (জন সুরাজ পার্টি), বীণা দেবী (আরজেডি)
গত বিধানসভায় আরজেডি-র অনন্ত সিং ৩৫ হাজার ৭৫৭ ভোটে জিতেছিলেন। জেডিইউ-র রাজীব লোচন নারায়ণ সিং ছিলেন দ্বিতীয়। সেক্ষেত্রে বলা যায়, এবার জেলবন্দি প্রার্থীকে ঘিরে উত্তেজনা যত চড়ছে, ততই নির্বাচন-পূর্ব মোকামার রাজনৈতিক চিত্র আরও জটিল হয়ে পড়ছে।