মনিপুরের ইম্ফলে অসম রাইফেলসের গাড়িতে জঙ্গি হামলা। শহিদ হয়েছেন ২ জওয়ান, জখম অন্তত ৬ জন। নামবোল এলাকায় এই ঘটনা ঘিরে চাঞ্চল্য।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 19 September 2025 21:07
দ্য ওয়াল ব্যুরো: মনিপুরের ইম্ফলে জঙ্গিদের অতর্কিত হামলায় শহিদ হলেন অসম রাইফেলসের দুই জওয়ান। জখম হয়েছেন আরও অন্তত পাঁচ জন।
সূত্রের খবর, ইম্ফল থেকে বিষ্ণুপুরগামী অসম রাইফেলসের একটি ৪০৭ টাটা গাড়িকে লক্ষ্য করে গুলি চালায় একদল অজ্ঞাতপরিচয় জঙ্গি। ঘটনাটি ঘটে নামবোল সাবল লাইখাই এলাকায়, যা ইম্ফল বিমানবন্দর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে। উল্লেখযোগ্যভাবে, এটাই সেই রাস্তা, যেখান দিয়ে সম্প্রতি মনিপুর সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হামলার জায়গাটি ইম্ফল এবং চুরাচান্দপুরের মাঝামাঝি।
হামলার ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মনিপুরের রাজ্যপাল অজয় কুমার ভল্লা। শহিদ জওয়ানদের পরিবারকে সমবেদনা জানান তিনি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তাঁর বক্তব্য, ‘এ ধরনের নৃশংস হামলা কোনও অবস্থাতেই সহ্য করা হবে না। শান্তি ও স্থিতিশীলতা রক্ষার স্বার্থে কড়া হাতে মোকাবিলা করা হবে।’
বর্তমানে মনিপুরের গোটা রাজ্যেই সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন (AFSPA) বলবৎ রয়েছে। তবে উপত্যকা এলাকার পাঁচটি জেলার ১৩টি থানার আওতায় এই আইন প্রযোজ্য নয়। বিষ্ণুপুর জেলার অন্তর্গত নামবোল থানা এলাকায় AFSPA কার্যকর নেই বর্তমানে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তালিকা অনুযায়ী, মনিপুরে বর্তমানে মেইতেই সম্প্রদায়ের অন্তর্গত নয়টি জঙ্গি সংগঠন নিষিদ্ধ। অতীতে এই সংগঠনগুলিই একাধিকবার অসম রাইফেলসকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
২০২১ সালের নভেম্বর মাসে চুরাচান্দপুর জেলার সেহকেন গ্রামে জঙ্গি হামলায় শহিদ হন কর্নেল বিপ্লব ত্রিপাঠি, তাঁর স্ত্রী ও সন্তান। সেই হামলায় প্রাণ হারিয়েছিলেন কুইক রিঅ্যাকশন টিমের তিন জওয়ানও।
এই ঘটনায় প্রশ্নের মুখে নিরাপত্তা। কোন জঙ্গি সংগঠনের কাজ, তা জানা যায়নি।