ফাইল ছবি
শেষ আপডেট: 3 March 2025 19:37
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে গিয়ে রীতিমতো চর্চায় এসেছিলেন আইআইটি বাবা (IIT Baba)। এবার গাঁজা রাখার অভিযোগে অভয় সিংকে (Abhay Singh) পাকড়াও করল পুলিশ। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে। রাজস্থানের জয়পুরের (Jaipur) ঘটনা। সেখানে একটি হোটেল ভাড়া নিয়ে থাকছিলেন তিনি। যদিও ধরা পড়তেই একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে রাখঢাক না রেখেই অভয় জানান, "এটা শুধুমাত্র প্রসাদ।"
ইতিমধ্যে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস অর্থাৎ NDPS অ্যাক্ট অনুযায়ী নিষিদ্ধ মাদক রাখার অভিযোগে মামলা রুজু করা হয়েছে ভাইরাল আইআইটি বাবার বিরুদ্ধে। তবে বাজেয়াপ্ত হওয়া গাঁজার পরিমাণ ১০০ গ্রামের কম হওয়ার কারণে তাঁকে জামিন (Bail) দিয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
তবে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি রীতিমতো ক্ষোভের সুরেই বলেন, 'একাধিকবার ভুয়ো খবর রটেছে আমার নামে। একবার বলা হল আমি আত্মহত্যা করেছি। এখন বলা হচ্ছে আমাকে আটক করা হয়েছে। আসল সত্যি, আমি জামিন পেয়েছি। যা পাওয়া গিয়েছে, তার পরিমাণও অত্যন্ত কম।’ কিন্তু আচমকা কী কারণে তাঁর ঘরে তল্লাশি চালাল পুলিশ? উত্তরে অভয় জানান হোটেলের কেউ পুলিশকে জানিয়েছিলেন তিনি আত্মহত্যার চেষ্টা করছেন। সেই সূত্র ধরেই সেখানে পৌঁছে যান তদন্তকারীরা।
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় আগেই তিনি বিভিন্ন ভিডিওতে দাবি করেছেন আইআইটি মুম্বাই থেকে অ্যারোস্পেস নিয়ে লেখাপড়া করেছেন তিনি। মোটা বেতনের চাকরি থেকে প্রেম, তাঁর কোনওকিছুই আর মানুষের অজানা নয়। তবে সবকিছু ছেড়ে সন্ন্যাসের পথ তিনি বেছে নিয়েছিলেন বলে জানিয়েছিলেন।
এছাড়া দিন কয়েক আগেই নয়ডাতে একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে তাঁকে হেনস্থা করার অভিযোগ তোলেন আইআইটি বাবা। অভয় সিংয়ের দাবি ছিল, গেরুয়া পোশাক পরা কয়েক জন টিভি চ্যানেলের অফিসে ঢুকে তাঁকে নিগ্রহ করেন। লাঠি দিয়ে বেধড়ক মারধরও করা হয় তাঁকে।