বারাণসী ধর্মীয় স্থান হওয়ায় সেখানে গঙ্গায় আমিষ খাবারের উপর নিষেধাজ্ঞা বহাল আছে। গঙ্গা যে রাজ্য গুলির মধ্য দিয়ে প্রবাহিত তার মধ্যে উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে এমন আইন থাকলেও বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে নেই। তবে জল দূষণ আইন সব রাজ্যেই বলবৎ আছে।

শেষ আপডেট: 17 March 2026 19:24
দ্য ওয়াল ব্যুরো: গঙ্গাবক্ষে ইফতারের আয়োজন এবং সেখানে চিকেন বিরিয়ানি খাওয়ার অভিযোগে বারাণসীর পুলিশ ১৪ তরুণকে গ্রেফতার করেছে। তারা সকলেই স্থানীয় বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার একটু আগে এই গ্রেফতারের ঘটনায় শোরগোল শুরু হয়েছে সমাজের মাধ্যমে। ভারতীয় জনতা যুব মোর্চার বারাণসী শহরের সাংগঠনিক সভাপতি রজত জয়সওয়ালের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ১৪ তরুণকে গ্রেফতার করেছে। অজ্ঞাত পরিচিতদের বিরুদ্ধে হওয়া এফআইআরে জয়সওয়াল অভিযোগ করেন, গঙ্গা হল সনাতন ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র জলাধার। অভিযুক্তরা সেই জলাধারে নৌকায় চিকেন বিরিয়ানি খাওয়ার পর অবশিষ্ট অংশ নদীতে নিক্ষেপ করে। এইভাবে গঙ্গার পবিত্রতা নষ্ট করার চেষ্টা হয়েছে।
বারাণসী সিটি পুলিশের এসিপি বিজয় প্রতাপ সিং বলেন, ধৃতরা অসি ঘাট থেকে নমো ঘাট পর্যন্ত নৌকায় ভ্রমণ করে। এজন্য একটি নৌকা বুক করা হয়েছিল। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই তরুণেরা ইফতার জমায়েতের আয়োজন করেছে। পরে একটি বড় ভেসেল থেকে তাদের জন্য চিকেন বিরিয়ানি সরবরাহ করা হয়।
ভিডিওতে দেখা যায় ওই তরুণেরা প্রত্যেকেই নৌযানে ভ্রমণের জন্য প্রয়োজনীয় সুরক্ষা জ্যাকেট পরা। তারা নৌকার মাঝখানে একটি টেবিলের উপর খাবার রেখে দাঁড়িয়ে খাচ্ছিল। শরবত এবং অন্যান্য খাবারের সঙ্গে চিকেন বিরিয়ানি খাওয়ার পর হাড়গোড় সহ অবশিষ্টাংশ তারা নদীতে নিক্ষেপ করে। এই অভিযোগ পেয়েই বারাণসীর পুলিশের পুলিশ দুটি টিম অভিযানে নামে। কিছুক্ষণ পরই তারা ১৪ জনকে গ্রেফতার করে।
পুলিশ ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতায় উল্লেখিত ধর্মীয় আবেগে আঘাতের ধারা এবং দূষণ প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছে। ধৃতদের বিরুদ্ধে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি এবং সরকারি আদেশ অমান্য করার অভিযোগও আনা হয়েছে।
ওই গ্রেফতারের ঘটনায় অনেকেই প্রশ্ন তুলেছেন গঙ্গা বক্ষে আমিষ খাবার খাওয়া নিষিদ্ধ কিনা। জানা যাচ্ছে এই ব্যাপারে কেন্দ্রীয় আইন না থাকলেও কোনও কোনও রাজ্য সরকারের নিষেধাজ্ঞা বলবৎ আছে। বারাণসী ধর্মীয় স্থান হওয়ায় সেখানে গঙ্গায় আমিষ খাবারের উপর নিষেধাজ্ঞা বহাল আছে। গঙ্গা যে রাজ্য গুলির মধ্য দিয়ে প্রবাহিত তার মধ্যে উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে এমন আইন থাকলেও বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে নেই। তবে জল দূষণ আইন সব রাজ্যেই বলবৎ আছে।