কচুরিপানা ভর্তি পুকুরে আছড়ে পড়ল বায়ুসেনার প্রশিক্ষণ বিমান। বিপদের মুখে দাঁড়িয়ে পাইলটদের উদ্ধার করলেন স্থানীয় বাসিন্দারাই।

ফাইল চিত্র
শেষ আপডেট: 22 January 2026 12:15
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) প্রয়াগরাজে (Prayagraj) একটি ছোট আকারের বিমান দুর্ঘটনার (IAF aircraft crash) কবলে পড়ে। প্রশিক্ষণ চলাকালীন বায়ুসেনার (Indian Air Force) ওই বিমানটি একটি পুকুরে ভেঙে পড়ে। ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনাস্থলের ছবি ও ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায়, যা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রয়াগরাজের একটি জলাশয়ে আছড়ে পড়ে বায়ুসেনার ওই বিমানটি। সৌভাগ্যবশত, জলাশয়টি কচুরিপানায় ভর্তি থাকায় বড়সড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। প্রাণহানির কোনও খবর নেই। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল এবং শুরু হয় উদ্ধারকাজ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। শব্দ শুনে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই প্রথমে দুর্ঘটনাগ্রস্ত বিমানের কাছে পৌঁছে দু’জন পাইলটকে উদ্ধার করেন। জানা গিয়েছে, দুই পাইলটই নিরাপদে রয়েছেন এবং তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল।
কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির জেরেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ে ভেঙে পড়ে। গোটা ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কচুরিপানা বোঝাই ওই জলাশয় থেকে বিমানটি উদ্ধারের কাজও শুরু হয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হল, বায়ুসেনার বিমানের দুর্ঘটনার ঘটনা সাম্প্রতিক সময়ে বারবার সামনে এসেছে। এর আগেও গত বছরের নভেম্বর মাসে দুবাইয়ের এক এয়ার শো-তে কৌশল প্রদর্শনের সময় দুর্ঘটনার কবলে পড়ে বায়ুসেনার যুদ্ধবিমান তেজস। সেই মর্মান্তিক ঘটনায় প্রাণ হারান এক পাইলট। একই মাসে চেন্নাইয়ের তাম্বারামের কাছে একটি পিলাটাস পিসি-৭ বেসিক প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়ে, যদিও সেবার সৌভাগ্যক্রমে পাইলট প্রাণে বেঁচে যান।