পরিবর্তিত বাণিজ্য পরিস্থিতি খতিয়ে দেখছে বাণিজ্য মন্ত্রক এবং পরবর্তী দফার আলোচনায় কখন বসা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে পর্যালোচনার পর। গত শুক্রবার আমেরিকার সর্বোচ্চ আদালত ট্রাম্প প্রশাসনের আরোপিত ব্যাপক আমদানি শুল্কের বিরুদ্ধে রায় দেয়।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। ফাইল ছবি।
শেষ আপডেট: 23 February 2026 14:55
দ্য ওয়াল ব্যুরো: মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক পদক্ষেপে ভারতের অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে— তা এখনই বলার সময় আসেনি, এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। তিনি জানান, পরিবর্তিত বাণিজ্য পরিস্থিতি খতিয়ে দেখছে বাণিজ্য মন্ত্রক এবং পরবর্তী দফার আলোচনায় কখন বসা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে পর্যালোচনার পর। গত শুক্রবার আমেরিকার সর্বোচ্চ আদালত ট্রাম্প প্রশাসনের আরোপিত ব্যাপক আমদানি শুল্কের বিরুদ্ধে রায় দেয়। তার পরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ২৪ ফেব্রুয়ারি থেকে ১৫০ দিনের জন্য সব দেশের উপর ১০ শতাংশ হারে শুল্ক আরোপের ঘোষণা করেন। পরের দিন সেই হার বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়।
এই পরিবর্তনের সম্ভাব্য প্রভাব সম্পর্কে প্রশ্ন করা হলে নির্মলা বলেন, “এখনই মন্তব্য করা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। বিশেষ করে বাণিজ্য সংক্রান্ত বিষয়ে বাণিজ্য মন্ত্রক পরিস্থিতি পর্যালোচনা করছে। প্রতিনিধি দল কখন পরবর্তী আলোচনায় যাবে, সে বিষয়ে তাদেরই সিদ্ধান্ত নিতে হবে।”
সূত্রের খবর, রবিবার ভারত ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ওয়াশিংটনে দুই দেশের প্রধান আলোচকদের বৈঠক পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার থেকে শুরু হওয়ার কথা ছিল ওই বৈঠকের, যেখানে অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির খসড়া চূড়ান্ত করার কথা ছিল। বাণিজ্য মন্ত্রকের যুগ্ম সচিব দর্পণ জৈন এই চুক্তির ক্ষেত্রে ভারতের প্রধান আলোচক।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কেন্দ্রীয় পর্ষদের বৈঠকে বক্তব্য রাখার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অর্থমন্ত্রী আবার বলেন, বিশ্ব বাণিজ্যে ভারতের উপস্থিতি আরও প্রসারিত করার লক্ষ্যেই সরকার এগোচ্ছে। তাঁর কথায়, “ভারত চায় বিশ্ববাজারে পৌঁছনোর সুযোগ বাড়ুক এবং বৈশ্বিক বাণিজ্যের সুবিধা দেশের অর্থনীতি পাক।”