মৃতদের মধ্যে রয়েছেন, রাজ্যের বিশেষ তদন্ত দফতর (SIA)-এর এক কর্মী, FSL-এর তিন বিশেষজ্ঞ, দুই জন ক্রাইম-সিন ফটোগ্রাফার, দুই রাজস্ব আধিকারিক এবং তদন্তকারী দলের সঙ্গে যুক্ত এক দর্জি।

ফাইল ছবি
শেষ আপডেট: 15 November 2025 18:36
দ্য ওয়াল ব্যুরো: শ্রীনগরের নওগাম থানায় (Srinagar Nowgam PS) শুক্রবার গভীর রাতে ভয়াবহ বিস্ফোরণে (Blast) মৃত্যু হয়েছে ৯ জনের। জম্মু-কাশ্মীর পুলিশ (Jammu Kashmir Police) প্রাথমিকভাবে জানিয়েছে, এটি একটি দুর্ঘটনাজনিত বিস্ফোরণ, তবে এর সূত্র রয়েছে হরিয়ানার ফরিদাবাদে সন্ত্রাস দমন অভিযানে উদ্ধার হওয়া বিপুল বিস্ফোরক-সম্ভারে।
মৃতদের মধ্যে রয়েছেন, রাজ্যের বিশেষ তদন্ত দফতর (SIA)-এর এক কর্মী, FSL-এর তিন বিশেষজ্ঞ, দুই জন ক্রাইম-সিন ফটোগ্রাফার, দুই রাজস্ব আধিকারিক এবং তদন্তকারী দলের সঙ্গে যুক্ত এক দর্জি।
কীভাবে হল বিস্ফোরণ?
জম্মু-কাশ্মীর পুলিশ প্রধান নলিন প্রভাত জানিয়েছেন, ফরিদাবাদ থেকে উদ্ধার হওয়া বিস্ফোরকগুলির নমুনা সংগ্রহের সময় ফরেনসিক টিম কাজ শুরু করতেই আচমকা বিস্ফোরণ ঘটে।
ফরিদাবাদের বিস্ফোরক কীভাবে এল কাশ্মীরে?
তদন্তকারীরা জানিয়েছেন, উদ্ধার হওয়া বিপুল বিস্ফোরক গত দু’দিন ধরে ধাপে ধাপে টাটা ৪০৭ মিনি ট্রাকে (Mini Truck) করে সড়কপথে জম্মু-কাশ্মীরের নওগাম থানায় (Nowgam Police Station) আনা হয়েছিল। প্রতিটি কনটেনার ছিল বিশেষ এয়ার-টাইট সিলযুক্ত, যাতে রাসায়নিকের প্রতিক্রিয়া বা লিকেজের কোনও সম্ভাবনা না থাকে।
নওগামে প্রাথমিকভাবে সেগুলি ছোট ছোট প্যাকেটে ভাগ করা হচ্ছিল, যাতে পরবর্তী পরীক্ষা-নিরীক্ষার জন্য জম্মুর ফরেন্সিক সায়েন্সেস ল্যাবরেটরি (FSL)-এ পাঠানো যায়। ঠিক সেই সময়ই ঘটে বিপর্যয়।
লালকেল্লা বিস্ফোরণ ও নওগাম মামলা
দিল্লির লালকেল্লা এলাকায় ১০ নভেম্বর সন্ধেয় গাড়ি বিস্ফোরণ ঘটেছিল। সেই বিস্ফোরণে ব্যবহৃত রাসায়নিকও ফরিদাবাদে মজুত বিস্ফোরক থেকে এসেছে বলেই জেনেছে পুলিশ। এর তদন্ত শুরু হয়েছিল ১৯ অক্টোবর নওগাম থানায় মামলা দায়েরের পর, যেখানে জইশ-ই-মহম্মদ (JeM)-এর নামে ভয়াবহ হামলার হুমকি দেওয়া পোস্টার পাওয়া গেছিল।
তবে কাশ্মীরের ঘটনা কি দুর্ঘটনা না জঙ্গিদের হাত?
পুলিশ প্রথমে দুটি দিকই খতিয়ে দেখছিল। তবে পরে জানান হয়, কাশ্মীরে থানায় বিস্ফোরণ নিছক দুর্ঘটনা, জঙ্গি হামলার জল্পনা অমূলক।
জম্মু-কাশ্মীর পুলিশের ডিজিপি নলীন প্রভাত বলেন, নভেম্বরের ৯ ও ১০ তারিখে ফরিদাবাদ থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক, রাসায়নিক উদ্ধার করা হয়। সেগুলি নওগাম থানার একটি খোলা জায়গায় রাখা ছিল। নমুনা ফরেন্সিক এবং রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হলেও একটি বিস্তারিত ইন্সপেকশনের প্রয়োজন ছিল। শুক্রবার রাত ১১টা ২০ মিনিট নাগাদ এগুলি পরীক্ষা করতে গিয়ে দুর্ঘটনাবশত তা ফেটে যায়। এরপর আর কোনও অনুমান অপ্রয়োজনীয় বলে জানান পুলিশকর্তা।