চার দশক পর এই প্রথম তিরুবনন্তপুরম পুরসভার মেয়র নির্বাচিত হলেন বিজেপির কাউন্সিলার ভিভি রাজেশ।

রাজ্যের রাজধানী শহরের বিদ্রোহী কংগ্রেস এমপি শশী তারুরের লোকসভা কেন্দ্রে ইতিহাসে প্রথম উড়ল গেরুয়া পতাকা।
শেষ আপডেট: 26 December 2025 14:48
দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা ভোটে কি সিপিএম নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক মোর্চার পতনের শুরু হল কেরলে? কারণ, চার দশক পর এই প্রথম তিরুবনন্তপুরম পুরসভার মেয়র নির্বাচিত হলেন বিজেপির কাউন্সিলার ভিভি রাজেশ। রাজ্যের রাজধানী শহরের বিদ্রোহী কংগ্রেস এমপি শশী তারুরের লোকসভা কেন্দ্রে ইতিহাসে প্রথম উড়ল গেরুয়া পতাকা।
পুর নির্বাচনে জেতার পরপরই অবশ্য শশী তারুর বিজেপিকে ঐতিহাসিক সাফল্যের অভিনন্দন জানিয়েছিলেন। গণতন্ত্রের বিরাট জয় বলে ব্যাখ্যা করেছিলেন কংগ্রেস সাংসদ। এক্স পোস্টেই তারুর বলেছিলেন, কেরলের রাজধানীর রাজনৈতিক পটপরিবর্তনই পালাবদলের ইঙ্গিত দিচ্ছে। সেই মতো শুক্রবার বিজেপির বিজয়ী কাউন্সিলাররা রাজেশকে দলনেতা নির্বাচিত করেন। ৫০ জন বিজেপি সহকর্মী ছাড়াও একজন নির্দল কাউন্সিলারের সমর্থন নিয়ে রাজেশ মেয়র নির্বাচিত হয়েছেন।
প্রায় চার দশক ধরে তিরুবনন্তপুরম পুরসভা ছিল সিপিএমের দখলে। এবার পুরভোটে বিজেপি জিতেছে ৫০ আসনে। ত্রিমুখী নির্বাচনে বামেদের দুর্জয় ঘাঁটি ভেঙে দুমড়ে গিয়েছে মাত্র ২৯ আসনে। বামেদের মেয়র পদপ্রার্থী হয়ে লড়েছিলেন সিপিএমের আরপি শিবাজি। অন্যদিকে, আগেরবারের তুলনায় আসন সংখ্যা দ্বিগুণ করে কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা পেয়েছে ১৭ আসন। আশাতীতভাবে গেরুয়া শিবির সকলকে ছাপিয়ে জিত হাসিল করে নিয়েছে।
মেয়র নির্বাচনে রাজেশের নাম প্রস্তাব করেন এমআর গোপান। ভিজি গিরিকুমার তার আগেই পদপ্রার্থী থেকে নাম প্রত্যাহার করে নেন। কংগ্রেসের দুটি ভোট বাতিল হয়েছে সইয়ের ভুলে। মোট ৯৭টি ভোট গণনায় বিজেপির রাজেশ পেয়েছেন ৫১টি ভোট। ভোটাভুটির শেষে সিপিএম অভিযোগ তুলেছে, প্রায় ২০ জন সদস্য বিধিভঙ্গ করেছেন। সিপিএমের আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েছে। এরপরে রয়েছে পঞ্চায়েত চেয়ারপার্সন নির্বাচন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির ঐতিহাসিক বিজয়কে রাজ্য রাজনীতিতে জলোচ্ছ্বাস বলে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, তিরুবনন্তপুরমের উন্নয়নের জন্য বিজেপি নিরন্তর কাজ চালিয়ে যাবে। এই বিজয়ের কাজে দলের কার্যকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলনেতা মোদী।