
শেষ আপডেট: 24 December 2023 17:54
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশ ও বিহারের যে সকল হিন্দিভাষীরা তামিলনাড়ুতে আসেন তাঁরা শৌচাগার পরিষ্কারের কাজ করেন। এমনই বিস্ফোরক মন্তব্য করেন ডিএমকে সাংসদ দয়ানিধি মারান। আর সেই ভিডিও ভাইরাল হতেই বিতর্কে জড়িয়েছেন সাংসদ।
ইতিমধ্যে দয়ানিধি মারানের বক্তব্যের ভিডিও শেয়ার করে ক্ষোভ উগরে দিয়েছে বিজেপি। কেন মারানের এই মন্তব্যের বিরোধিতা করছেন না ওই দুই রাজ্যের ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা সেই প্রশ্ন তুলেছেন গেরুয়া শিবিরের মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা।
ডিএমকে সাংসদকে ইংরেজিতে শিক্ষিত ও কেবলমাত্র হিন্দি ভাষায় শিক্ষিত মানুষের মধ্যে তুলনা করতে দেখা যায়। ঠিক কী বলেছেন সাংসদ? দয়ানিধি মারান বলেন, “ইংরেজি জানা যে কেউ তথ্যপ্রযুক্তি সেক্টরে কাজ খুঁজে নেন। কিন্তু হিন্দিভাষীরা এই রাজ্যে (তামিলনাড়ু) এলে নির্মাণকাজ, রাস্তা সাফাই ও শৌচাগার পরিষ্কারের কাজই পান।”এহেন বিতর্কিত মন্তব্যের পর বিভিন্ন মহলে শুরু হয়েছে সমালোচনা। বিজেপির মুখপাত্র পুনেওয়ালা এই মন্তব্যকে ‘দুর্ভাগ্যজনক’ বলে দাবি করেছেন। কেন উত্তরপ্রদেশ ও বিহারের ইন্ডিয়া জোটের নেতারা নীরব, প্রশ্ন তুলেছেন তিনি।
এদিকে ডিএমকে হল ইন্ডিয়া জোটের অংশ। আর সেই জোটেই বিহার ও উত্তরপ্রদেশের জেডিইউ, আরজেডি, সমাজবাদী পার্টির মতো দল রয়েছে। ইন্ডিয়া জোট শরিক ডিএমকে সাংসদের বিতর্কিত মন্তব্যে ওই রাজনৈতিক দলগুলির মৌনতাকে তোপ দেগেছে বিজেপি। যদিও ডিএমকে-র তরফে ভিডিওটি পুরনো বলে দাবি করা হয়েছে। তবে আসন্ন লোকসভা নির্বাচনে এই মন্তব্যের প্রভাব জোটের উপর কতটা পড়বে সেটা সময়ই বলবে।