সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড জানিয়েছে, মণিপুরের চান্দেল জেলার খেঞ্জয় এলাকার নিউ সামতাল গ্রামে কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর এসেছিল।

ফাইল ছবি
শেষ আপডেট: 15 May 2025 08:05
দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরে তো গুলির লড়াই চলছেই। এবার উত্তর-পূর্বও নতুন করে উত্তপ্ত হল। ফের মণিপুরে (Manipur) উত্তেজনা ছড়িয়েছে। কুকি-মেইতেই সংঘর্ষ নয়, ভারত-মায়ানমার (India-Myanmar Border) সীমান্তে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই হয়েছে ভারতীয় সেনার (Indian Army)। তাতে ১০ সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে বলে খবর।
ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড (Eastern Command) জানিয়েছে, মণিপুরের চান্দেল জেলার খেঞ্জয় এলাকার নিউ সামতাল গ্রামে কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর এসেছিল। তার জন্যই তল্লাশি অভিযান শুরু হয়। এই অভিযানের সময়ই সেনার ওপর অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। পাল্টা জবাবও দেওয়া হয়। তাতেই ১০ জঙ্গি খতম হয়েছে। তবে সেনা স্পষ্ট বলেছে, এই অভিযান এখনও শেষ হয়নি। কারণ আরও একাধিক জঙ্গি ওই অঞ্চলে লুকিয়ে রয়েছে বলেই সন্দেহ তাঁদের।
শুধুমাত্র ১০ জঙ্গি নিকেশ নয়, অভিযান চালিয়ে ওই এলাকা থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করেছে ভারতীয় সেনা। অসম রাইফেলস-এর একটি টিমও এই অভিযানে সামিল। বুধবার রাত থেকে তাঁরা ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছিল। সূত্রের খবর, বুধবার রাতেই এক সন্দেহজনক বস্তুকে লক্ষ্য করে প্রথমে গুলি চালিয়েছিল সেনা। ঠিক তার পরই তাঁদের ওপর কার্যত গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ে ১০ জনকে খতম করা গেছে।

এদিকে ভারতীয় সেনা 'অপারেশন সিঁদুর'-এর পর জম্মু-কাশ্মীরের জঙ্গি নিধনে 'অপারেশন কেল্লার' শুরু করেছে। তাতে ইতিমধ্যে তিন লস্কর জঙ্গি এবং এক জইশ জঙ্গি খতম হয়েছে। এছাড়াও প্রচুর অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছেন জওয়ানরা। গত ৪৮ ঘণ্টায় দু'দফায় এনকাউন্টার হয়েছে উপত্যকায়। এখন এবার নতুন করে মণিপুর থেকে গুলি-বোমার শব্দ আসতে শুরু করেছে।