পথকুকুরের উৎপাত ও তার সমাধান নিয়ে যখন বিতর্ক সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াল, তখন দিনকয়েক আগের একটি ভিডিও দেখে আপ্লুত হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া।

জার্মান শেফার্ডটি বারান্দার পাঁচিল টপকে লাফ দিয়ে রাস্তায় নেমে পড়ে।
শেষ আপডেট: 13 August 2025 13:51
দ্য ওয়াল ব্যুরো: পথকুকুরের উৎপাত ও তার সমাধান নিয়ে যখন বিতর্ক সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াল, তখন দিনকয়েক আগের একটি ভিডিও দেখে আপ্লুত হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। চোখ আকাশে তুলে দেওয়া সেই ভিডিওতে দেখা গিয়েছে, গৃহপোষ্য একটি সাহসী জার্মান শেফার্ড কীভাবে রাস্তায় খেলে বেড়ানো কচিকাঁচাদের পথকুকুরের আক্রমণ থেকে বাঁচাল। তা দেখে সবাই একবাক্যে সেই বীরপুঙ্গবকে কুর্নিশ জানিয়েছেন, বাহবা দিয়েছেন।
ভিডিও ক্লিপটি গত ৯ অগস্টের হলেও ইতিমধ্যেই তা দেড় লক্ষের উপর লোক দেখেছেন। হৃষীকেশের আবাসিক এলাকার ওই ভিডিওতে দেখা গিয়েছে, বাড়ির পোষা প্রশিক্ষিত একটি অ্যালসেশিয়ান কুকুর বারান্দা থেকে ঝাঁপিয়ে রাস্তায় নেমে, ছুটে বেড়ানো বাচ্চাদের বেওয়ারিশ কুকুরের আক্রমণের হাত থেকে রক্ষা করার ছবি।
ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে, অ্যালসেশিয়ানটি বারান্দায় বসে বাচ্চাদের ছুটোছুটি দেখছে। ওদিকে পথের ধারে একমনে শুয়ে রয়েছে একটি পাড়ার কুকুর। বাচ্চারা যখন একে অপরকে ধরার জন্য ছুটছিল, তখন হঠাৎই রাস্তার কুকুরটি তাদের মধ্যে একেবারে কচি বাচ্চাটিকে তাড়া করতে থাকে। তা দেখে জার্মান শেফার্ডটি বারান্দার পাঁচিল টপকে লাফ দিয়ে রাস্তায় নেমে পড়ে এবং বাচ্চাটিকে আড়াল করে পথকুকুরটিকে তাড়া মারে। বড়সড় চেহারার অ্যালসেশিয়ানকে তাড়া করতে দেখে পথকুকুরটিও দে চম্পট হয়ে যায়।
এই দৃশ্য দেখে আবেগে ঝরঝর হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। ভিডিওর সত্যতা যাচাই না হলেও তাতে লেখা ছিল, হৃষীকেশে একটি কুকুর সুপারহিরোর মতো লাফ দিয়ে রাস্তার কুকুরের হাত থেকে বাচ্চাদের বাঁচাল। বাহাদুর কুকুরের এই কাণ্ড দেখে হতবাক নেট নাগরিকরা তাকে নানান ভাষায় তারিফ করেছেন। কেউ তাঁকে সম্প্রতি বিহারের ভোটার তালিকায় খ্যাত নামে আদর করে ডেকে লিখেছেন, ‘ডগেশ ভাই জয় হো।‘
In Rishikesh, A dog jumped like a superhero to save children from another dog.
pic.twitter.com/IwN1FUZgrN
— Ghar Ke Kalesh (@gharkekalesh) August 9, 2025
আর একজন লিখেছেন, মানুষের থেকে কুকুর অনেক বেশি অনুগত প্রাণী। সেটা আবার একবার প্রমাণ হল। একজন তারিফ করে লিখেছেন, সাবাশ ডগেশ ভাই! ডগেশ ভাইয়ের জন্যই বাচ্চাগুলি বেঁচে গেল। এছাড়াও ডগেশ ভাইয়ের জয়জয়কার। ডগেশ ভাইয়ের চমৎকার! এরকম হাজারো পদ ও সম্মানে ভূষিত হয়েছে ওই অ্যালসেশিয়ানটি।