পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির (Pak Spy) অভিযোগে সম্প্রতি গ্রেফতার হয়েছেন হরিয়ানার ইউটিউবার জ্যোতি মলহোত্রা (Jyoti Malhotra)। পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশ থেকে তিন দিনে এখনও অবধি মোট ১১ জনকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। যাঁদের মধ্যে কেউ পরিচিত ইউটিউবার, কেউ বেসরকারি নিরাপত্তারক্ষী, কেউ আবার পড়ুয়া, ব্যবসায়ী।

অভিযুক্ত পাকিস্তানি গুপ্তচর
শেষ আপডেট: 19 May 2025 20:08
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির (Pak Spy) অভিযোগে সম্প্রতি গ্রেফতার হয়েছেন হরিয়ানার ইউটিউবার জ্যোতি মলহোত্রা (Jyoti Malhotra)। পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশ থেকে তিন দিনে এখনও অবধি মোট ১১ জনকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। যাঁদের মধ্যে কেউ পরিচিত ইউটিউবার, কেউ বেসরকারি নিরাপত্তারক্ষী, কেউ আবার পড়ুয়া, ব্যবসায়ী।
১৭ মে, হরিয়ানার পানিপথ থেকে নোমান ইলাহী নামে এক তরুণকে গ্রেফতার করে পুলিশ। তিনি উত্তরপ্রদেশের শামলীর বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, উত্তরপ্রদেশের বাসিন্দা হলেও কর্মসূত্রে তিনি থাকতেন হরিয়ানায়। সেখানে একটি কারখানায় নিরাপত্তারক্ষীর কাজ করতেন। তার আড়ালে চরবৃত্তি করতেন বলে অভিযোগ। একই অভিযোগে কয়েক দিন আগে গ্রেফতার হয়েছেন হরিয়ানার বছর পঁচিশের এক পড়ুয়াও।
উত্তরপ্রদেশের মোরাদাবাদের রামপুর থেকে শাহজাদ নামে এক কাপড় ব্যবসায়ীকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশের এটিএস। স্থানীয় সূত্রে খবর, শাহজাদের আত্মীয়স্বজন পাকিস্তানে থাকেন। তিনি নিজেও ব্যবসার প্রয়োজনে একাধিকবার পাকিস্তানে গেছিলেন। এমন অবস্থায় তাঁর বিরুদ্ধে আইএসআই-এর হয়ে চরবৃত্তির অভিযোগ উঠেছে।
হরিয়ানার নুহ্ থেকে দু'দিনে দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গ্রেফতার করা হয়েছিল আরমান নামে ২৬ বছরের এক ছাত্রকে। তাঁর বিরুদ্ধে ভারতীয় সেনা সংক্রান্ত বিভিন্ন তথ্য পাচারের অভিযোগ উঠেছে। রবিবার একই এলাকা থেকে মহম্মদ তারিফকে গ্রেফতার করেছে হরিয়ানা পুলিশ। তাঁর বিরুদ্ধে হোয়াটসঅ্যাপে ভারতীয় সেনা সংক্রান্ত তথ্য পাচারের অভিযোগ উঠেছে।
তাছাড়া পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে গত শুক্রবার গ্রেফতার হয়েছেন ভারতীয় ইনফ্লুয়েনসার ইউটিউবার জ্যোতি মলহোত্রা। হরিয়ানার বাসিন্দা জ্যোতির ইউটিউবে একটি চ্যানেল রয়েছে। সেখানে মূলত ভ্রমণের ভিডিও পোস্ট করতেন তিনি। জ্যোতি-কাণ্ড ইতিমধ্যেই দেশ জুড়ে হইচই ফেলেছে। প্রতিনিয়ত উঠে আসছে নতুন নতুন তথ্য।