গত ১৮ জুলাই মামলার শুনানি শেষ হয়। কিন্তু বিচারক কিছু বিষয়ে স্পষ্টতা চেয়ে রায়দান পিছিয়ে দেন। শেষমেশ শুক্রবার রায় ঘোষণা হয়।

দেবগৌড়া-প্রজ্জ্বল
শেষ আপডেট: 1 August 2025 16:03
দ্য ওয়াল ব্যুরো: বাড়ির গৃহকর্মীকে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হলেন জনতা দল (সেকুলার)-এর প্রাক্তন সাংসদ প্রজ্বল রেবন্না। শুক্রবার বেঙ্গালুরুর এমপি বা এমএলএ বিশেষ আদালত এই রায় দিয়েছে। জানা গিয়েছে, শনিবার তাঁর সাজা ঘোষিত হবে। অভিযুক্ত রেবন্না দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি।
অভিযোগ, ২০২১ সাল থেকে বেঙ্গালুরুর নিকটবর্তী তাঁদের পারিবারিক ফার্মহাউসে কাজ করতেন যে মহিলা, তাঁকে বারবার ধর্ষণ করেছিলেন রেবন্না। এমনকি, এই ঘটনার কথা কাউকে বললে তাঁর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয়ও দেখানো হয়েছিল।
গত ১৮ জুলাই মামলার শুনানি শেষ হয়। কিন্তু বিচারক কিছু বিষয়ে স্পষ্টতা চেয়ে রায়দান পিছিয়ে দেন। শেষমেশ শুক্রবার রায় ঘোষণা হয়।
এই মামলায় রেবন্না এবং মোট ২৬ জন সাক্ষীর জবানবন্দি নেয় আদালত। তারপর ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায়, ধর্ষণ, গোপন ভিডিও ধারণ, ভয় দেখানো এবং ঘনিষ্ঠ ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা গঠন হয়।
৩৪ বছরের রেবন্না ইতিমধ্যে ২০২৪ সালে দায়ের হওয়া আরও তিনটি মামলায় মূল অভিযুক্ত। ওই বছর সোশ্যাল মিডিয়ায় ২,০০০-রও বেশি অশ্লীল ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে, যেখানে একাধিক মহিলার উপর যৌন নির্যাতনের দৃশ্য রয়েছে বলে অভিযোগ। এই ভিডিওগুলি নিয়েই দেশজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়।
গত বছরের ৩১ মে তাঁকে গ্রেফতার করা হয়। চলতি বছর কর্নাটকের হাসান লোকসভা কেন্দ্র থেকে লড়েও হেরে যান রেবন্না। এমনকি তাঁর বিরুদ্ধে একের পর এক ধর্ষণ ও শ্লীলতাহানির মামলা দায়ের হওয়ায় জনতা দল (সেকুলার) তাঁকে দল থেকেও বরখাস্ত করে।
শনিবার এই জঘন্য অপরাধে রেবন্নার সাজা কতটা কড়া হয়, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ।