মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপান। এর মধ্যে রাশিয়ার অপরিশোধিত তেল আমদানির জেরে ভারত থেকে আসা পণ্যের ওপর ২৫ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করা হয়।

নির্মলা সীতারমন
শেষ আপডেট: 5 September 2025 19:16
দ্য ওয়াল ব্যুরো: মার্কিন যুক্তরাষ্ট্র ৫০ শতাংশ শুল্ক (USA Tariff) চাপিয়েছে ভারতের ওপর। নয়াদিল্লি এই ঘোষণার পরই স্পষ্ট করেছিল, তাঁরা মাথা নত করবে না। তবে দেশীয় বাজার যে ক্ষতির মুখে পড়বে এই কথাও সত্য। সেই প্রেক্ষিতে বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার (Central Govt)।
শুল্কের ধাক্কা খাওয়া ব্যবসায়ীদের জন্য বড় আর্থিক প্যাকেজ (Special Package) ঘোষণা করতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। শুক্রবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (FM Nirmala Sitharaman) জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা করতে এই প্যাকেজ আনা হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) গত মাসে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপান। এর মধ্যে রাশিয়ার অপরিশোধিত তেল আমদানির জেরে ভারত থেকে আসা পণ্যের ওপর ২৫ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করা হয়। এর ফলে পোশাক, গয়না, জুতো ও রাসায়নিকসহ বেশ কিছু পণ্যের ওপর শুল্ক ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে।
অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বক্তব্য, এই প্যাকেজ সদ্য আরোপিত শুল্কের কারণে ক্ষতিগ্রস্ত শিল্পগুলিকে সাহায্য করবে। তিনি এক সাক্ষাৎকারে বলেন, "যারা ৫০ শতাংশ শুল্কের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকার কিছু ব্যবস্থা নেবে।"
সীতারমন স্পষ্ট করেন, ভারত তার ব্যবসায়ীদের হতাশার মধ্যে ফেলে দিতে পারে না। শিল্পমহল শুল্ক এবং এর প্রভাব নিয়ে কথা বলছে। সরকার একটি পরিকল্পনা তৈরি করেছে, যা ৫০ শতাংশ শুল্কের কারণে ক্ষতিগ্রস্ত কোম্পানিগুলোর জন্য আনা হবে। তবে, এই প্রস্তাবিত পরিকল্পনাটি চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভার কাছে পেশ করা হবে।
গত সপ্তাহে একটি সংবাদমাধ্যম জানায়, সরকার একটি পূর্ণাঙ্গ রফতানি সহায়তা কৌশল চূড়ান্ত করছে, যা শুল্কের কারণে সৃষ্ট তাৎক্ষণিক সংকট মোকাবিলা করতে সাহায্য করবে।
এই বিষয়ের পাশাপাশি সদ্য ঘোষিত জিএসটি স্ল্যাব নিয়েও মন্তব্য করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষের সুরে বলেন, যারা একসময় জিএসটি-কে বিদ্রূপ করে ‘গব্বর সিং ট্যাক্স’ বলেছিলেন, আজ তারাই আবার সংস্কারের কৃতিত্ব দাবি করছেন। ইন্দিরা গান্ধীর আমলে ভারতে বিশ্বের অন্যতম সর্বোচ্চ আয়ের কর হার চালু ছিল বলে স্মরণ করিয়ে দিয়ে তিনি প্রশ্ন তুললেন, ক্ষমতায় থাকাকালীন কংগ্রেস কেন জিএসটি কার্যকর করতে পারেনি?
কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, 'কংগ্রেস এতদিন ক্ষমতায় থেকেও কেন এই সংস্কার কার্যকর করতে পারেনি? প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে ভারতে আয়করের হার ছিল বিশ্বের মধ্যে সর্বোচ্চগুলির মধ্যে একটি।' অর্থমন্ত্রীর স্পষ্ট দাবি, 'বর্তমান সরকারের কাছে এই সংস্কার একটি ঐতিহাসিক পদক্ষেপ, যা দেশব্যাপী একক কর ব্যবস্থার মাধ্যমে রাজস্ব প্রক্রিয়াকে সহজ করেছে।'