২২ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে নতুন দুই স্তরের জিএসটি ব্যবস্থা। বৃহস্পতিবার এক্স পোস্ট (X Post) করে তিনি লিখেছেন, স্বাধীনতা দিবসের ভাষণেই জিএসটির পরবর্তী প্রজন্মের সংস্কারের কথা বলেছিলেন।
_0.jpeg.webp)
নরেন্দ্র মোদী (ফাইল ছবি)
শেষ আপডেট: 4 September 2025 19:47
দ্য ওয়াল ব্যুরো: মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে জিএসটি হারে (GST) বড় পরিবর্তন এনেছে কেন্দ্রীয় সরকার। বুধবার রাতেই সাংবাদিক বৈঠকে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। তার একদিন পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সংস্কারকে ভারতের উন্নয়ন ও সমর্থনের জন্য 'ডবল ডোজ' বলে আখ্যা দেন। একই সঙ্গে তিনি ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত ইউপিএ সরকারের করনীতি নিয়ে তীব্র সমালোচনাও করলেন।
বুধবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) জানান, এবার থেকে ১২ শতাংশ ও ২৮ শতাংশ হারে জিএসটি থাকছে না। ৫ শতাংশ, ১৮ শতাংশ ও ৪০ শতাংশ হারে জিএসটি স্ল্যাব থাকছে। নতুন এই জিএসটিকে বলা হচ্ছে, 'নেক্সট জেন জিএসটি রিফর্ম'।
তবে বিলাসবহুল কিছু পণ্যের জন্য থাকছে বিশেষ উচ্চ হার। যেমন দামি গাড়ি, তামাক ও সিগারেটের ক্ষেত্রে ৪০ শতাংশ কর ধার্য করা হবে। এই নতুন হার কার্যকর হবে ২২ সেপ্টেম্বর, নবরাত্রির প্রথম দিন থেকে।
কাউন্সিল চূড়ান্তভাবে ৫ শতাংশ ও ১৮ শতাংশ এই দুই করহার রেখেছে। এর সঙ্গে বিলাসপণ্য ও সিন গুডসের জন্য যোগ হয়েছে ৪০ শতাংশের নতুন করহার। তবে তামাকজাত পণ্য ও সিগারেটের ওপর আগের মতোই ২৮ শতাংশ জিএসটি এবং ক্ষতিপূরণ সেস জারি থাকবে, যতদিন না ঋণ শোধ হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, 'সবাই এটিকে যেখানে জিএসটি ২.০ বলছে, আমি বলব এটি উন্নয়ন ও সমর্থনের ‘ডাবল ডোজ’। এর মানে হল একদিকে সাধারণ পরিবারের সঞ্চয় হবে, আর অন্যদিকে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।'
প্রধানমন্ত্রী আরও বলেন, 'এই সংস্কার সমাজের প্রায় সব শ্রেণিকেই উপকৃত করবে। গরিব, নতুন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, কৃষক, মহিলা, ছাত্রছাত্রী, যুবসমাজ, সকলেরই উপকার হবে। কর কমানোয় সবাই অনেকটা স্বস্তি পাবেন। পনির থেকে শুরু করে শ্যাম্পু ও সাবান, সবকিছুর দাম এখন অনেক সস্তা হয়ে যাবে।'
২২ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে নতুন দুই স্তরের জিএসটি ব্যবস্থা। বৃহস্পতিবার এক্স পোস্ট (X Post) করে তিনি লিখেছেন, স্বাধীনতা দিবসের ভাষণেই জিএসটির পরবর্তী প্রজন্মের সংস্কারের কথা বলেছিলেন। কেন্দ্র বিস্তারিত প্রস্তাব তৈরি করে জিএসটি কাউন্সিলে পাঠায়। সেই প্রস্তাবেই যুক্ত হয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার মিলিত এই সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা। মোদীর কথায়, এই সংস্কার সাধারণ মানুষের জীবন সহজ করবে এবং অর্থনীতিকে শক্তিশালী করবে।
কোন কোন জিনিসের দাম কমল
মাখন, ঘি, চিজ, পাস্তা, সস, কফি, কর্নফ্লেক্স, ইনস্ট্যান্ট ন্যুডলস, পিৎজা ব্রেড, চর্মজাত দ্রব্য, সার, বস্ত্র, থার্মোমিটার, গ্লুকোমিটার, চশমা, ক্লিনিক্যাল ডায়াপার, মেডিক্যাল অক্সিজেন, ৩২ ইঞ্চির বড় টিভি, ডিশ ওয়াশার, জৈব কীটনাশক, হেয়ার অয়েল, শ্যাম্পু, শেভিং ক্রিম, টুথপেস্ট, টুথব্রাশ, পেনসিল, এসি, মার্বেল পাথর, গ্রানাইট পাথর। এছাড়া ট্র্যাক্টর, ট্র্যাক্টরের যন্ত্রাংশ, অটোর যন্ত্রাংশ, পরিবহণের জন্য ব্যবহৃত গাড়ি, ৩ চাকার গাড়ি, ৩৫০ সিসির নীচের বাইকের দাম কমছে।
স্বাস্থ্যবিমা ও জীবন বিমা থেকে সম্পূর্ণ জিএসটি সরিয়ে নিল কেন্দ্র। এছাড়া যেসব জিনিসে ৫ শতাংশ জিএসটি ছিল তারমধ্যে বহু জিনিসের জিএসটি শূন্য করা হয়েছে। সেগুলির মধ্যে রয়েছে ৩৩টি জীবনদায়ী ওষুধ এবং পাউরুটি। রুটি-পরোটা, পনিরের উপর থেকেও প্রত্যাহার করা হয়েছে জিএসটি।