দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার ৫ আইসিস জঙ্গি। স্নাতকোত্তর ডিগ্রিধারী ও রাসায়নিক অস্ত্র তৈরিতে দক্ষ এই জঙ্গিদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, ডিজিটাল ডিভাইস ও বিপজ্জনক কেমিক্যাল উদ্ধার করেছে গোয়েন্দারা।

ধৃত আইসিস জঙ্গি
শেষ আপডেট: 11 September 2025 13:25
দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে বড়সড় জঙ্গি দমন অভিযান। গ্রেফতার পাঁচ সন্দেহভাজন আইসিস জঙ্গি। অভিযোগ, এরা রাসায়নিক অস্ত্র বানাতে পারদর্শী। তরুণদের জঙ্গি সংগঠনে ভিড়িয়ে তোলার জন্য চালাচ্ছিল আলাদা ‘খিলাফত’ মডেল।
সূত্রের খবর, এরা আইসিস ‘স্লিপার মডিউল’-এর অংশ। কাজ ছিল সংগঠনের শক্তি বাড়ানো।
ঝাড়খণ্ড, দিল্লি, তেলঙ্গানা ও মধ্যপ্রদেশ থেকে এই পাঁচজনকে গ্রেফতার করা হয়। আফতাব ও আবু সুফিয়ানকে দিল্লির নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন থেকে গ্রেফতার করা হয়। দানিশকে রাঁশি থেকে গ্রেফতার করা হয়, ছাত্র সেজে রাঁচির তবরক লজে থাকছিলেন। চলতি বছরের জানুয়ারিতেই শহরে ঢুকেছিল সে। বাকি দু’জনের মধ্যে কামরান কুরেশিকে রাজগড় মধ্যপ্রদেশ ও হুজেইফ ইয়েমেনকে হায়দরাবাদ থেকে গ্রেফতার করা হয়।
অভিযানে মেলেছে একটি পিস্তল, বেশ কিছু ডিজিটাল ডিভাইস। উদ্ধার হয়েছে একাধিক রাসায়নিক পদার্থও। আধিকারিকরা জানাচ্ছেন দানিশ ইংরেজিতে স্নাতকোত্তর, ছিলেন গ্রুপ লিডার। সঙ্গে রাসায়নিক অস্ত্র তৈরির বিশেষজ্ঞ। বাজেয়াপ্ত জিনিসের তালিকায় রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সোডিয়াম বাইকার্বনেট, সালফার গুঁড়ো, পিএইচ ভ্যালু চেকার এবং বল বিয়ারিং।
নিরাপত্তা বাহিনী মনে করছে, রাসায়নিক পদার্থের পাশাপাশি অস্ত্র আর ইলেকট্রনিক ডিভাইস মজুত থাকার ঘটনা যথেষ্ট উদ্বেগজনক। ধৃতদের কাছ থেকে মেলে তাঁদের প্রযুক্তিগত সক্ষমতার ইঙ্গিত।
ধৃতদের জেরা করছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে কারা এদের সঙ্গে যুক্ত, কীভাবে যোগাযোগ করত, কোথা থেকে সরঞ্জাম আসত। বাজেয়াপ্ত জিনিসপত্রের ফরেন্সিক পরীক্ষা হবে। তদন্তের পরই মিলবে আরও তথ্য।