এই নভা ২০২২ সালের সেপ্টেম্বরে নামিবিয়া থেকে ভারতে এসেছিল। মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে চিতা পুনর্বাসন প্রকল্পের আওতায় তাকে এখানে রাখা হয়। তবে, এই পার্কে একাধিক চিতাবাঘের মৃত্যু হওয়ায় প্রকল্প নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

ফাইল ছবি
শেষ আপডেট: 12 July 2025 14:20
দ্য ওয়াল ব্যুরো: নভা আর নেই। কুনো অভয়ারণ্যে মৃত্যু হল নামিবিয়া থেকে আসা আট বছরের চিতার। গত এক সপ্তাহ ধরে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ছিল সে। শনিবার মৃত্যু হয়েছে বলে সরকারি বিবৃতিতে জানিয়েছেন কুনো ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর উত্তম শর্মা।
তিনি বলেন, 'প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সফ্ট রিলিজ এনক্লোজারে শিকার করতে গিয়ে চোট পায় নভা। বাঁ পায়ের উলনা এবং ফিবুলা হাড়ে ফ্র্যাকচার ছিল। শরীরে আরও একাধিক চোট ছিল।' মৃত্যুর পর তার দেহের ময়নাতদন্ত করা হবে, সেখান থেকেই জানা যাবে আরও বিস্তারিত তথ্য।
নভার মৃত্যুর পর কুনো অভয়ারণ্যে বাঘের সংখ্যা কমে হল ২৬টি। যার মধ্যে ৯টি প্রাপ্তবয়স্ক (ছয়টি মেয়ে এবং তিনটি ছেলে) এবং ১৭টি কুনোতেই জন্ম নেওয়া শাবক। ফিল্ড ডিরেক্টর জানিয়েছেন, এদের প্রত্যেকেই বর্তমানে সুস্থ এবং স্বাভাবিক রয়েছে।
শর্মা আরও জানান, কুনোতে থাকা ২৬টি চিতার মধ্যে ১৬টিকে ইতিমধ্যেই জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। সেগুলি নতুন পরিবেশে দারুণভাবে মানিয়ে নিয়েছে। নিয়মিত শিকার করছে, সহ-শিকারিদের সঙ্গে টিকে থাকতে শিখেছে। তবুও সকলের উপরই নজর রাখছে কর্তৃপক্ষ।
এদিকে, সম্প্রতি কুনোর সব চিতার ‘অ্যান্টি ইক্টো প্যারাসাইটিক’ ওষুধ প্রয়োগের কাজ শেষ হয়েছে। পাশাপাশি, সদ্য সন্তান জন্ম দেওয়া দুই মা চিতা, বীরা এবং নির্ভা এবং তাদের শাবকরা সম্পূর্ণ সুস্থ বলেও আশ্বস্ত করেছেন প্রকল্প অধিকর্তা।
এই নভা ২০২২ সালের সেপ্টেম্বরে নামিবিয়া থেকে ভারতে এসেছিল। মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে চিতা পুনর্বাসন প্রকল্পের আওতায় তাকে এখানে রাখা হয়। তবে, এই পার্কে একাধিক চিতাবাঘের মৃত্যু হওয়ায় প্রকল্প নিয়ে নানা প্রশ্ন উঠেছে।