ব্যাঙ্ক অ্যাকাউন্টে হঠাৎ প্রায় ১০ কোটি টাকা ঢোকে, এক টাকাও তোলেননি উত্তরপ্রদেশের কৃষক পরিবারের তরুণী। সততার এই নজিরে সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড় উঠেছে।

তরুণীর প্রশংসায় পঞ্চমুখ সোশ্যাল মিডিয়া
শেষ আপডেট: 29 March 2026 08:58
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মইনপুরী (Mainpuri) জেলায় এক কৃষক পরিবারের গৃহবধূর সততা এখন চর্চার কেন্দ্রবিন্দু। ব্যাঙ্ক অ্যাকাউন্টে হঠাৎ প্রায় ১০ কোটি টাকা ক্রেডিট হলেও এক টাকা খরচ করেননি তিনি। বরং বিষয়টি মেটা না পর্যন্ত টাকা না ছোঁয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
দেবগঞ্জ (Devganj) গ্রামের বাসিন্দা রীতা (Rita), স্বামী পরসবন বাহেলিয়া (Parasbhan Baheliya)-র সঙ্গে চাষাবাদ করে সংসার চালান। নবরাত্রির (Navratri) অষ্টমী (Ashtami) তিথিতে স্থানীয় ব্যাঙ্কে টাকা তুলতে গিয়েছিলেন তিনি। কিন্তু সেদিন শাখা বন্ধ থাকায় বাধ্য হয়ে কাছের এটিএমে (ATM) যান। ব্যালেন্স চেক করে চমকে ওঠেন, অ্যাকাউন্টে দেখাচ্ছে ৯,৯৯,৪৯,৫৮৮ টাকা অর্থাৎ প্রায় ১০ কোটি।
চোখকে বিশ্বাস করাতে না পেরে অন্য একটি এটিএমে গিয়ে আবার ব্যালেন্স চেক করেন রীতা। এমনকি স্ক্রিনের ভিডিও রেকর্ডও করে রাখেন, যা পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে বিপুল এই অঙ্ক দেখে লোভে পড়েননি তরুণী। এক টাকাও তোলেননি বরং পরিবারের সদস্যদেরও স্পষ্ট জানিয়ে দেন—পুরো বিষয়টি পরিষ্কার না হওয়া পর্যন্ত এই টাকায় কেউ যেন হাত না দেন।
পরের দিন রীতা ও তাঁর পরিবার বিষয়টি জানাতে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Bank of India) শাখায় গেলে দেখেন, সেদিনও ব্যাঙ্ক বন্ধ। পরে করিমগঞ্জ (Karimganj) শাখার ম্যানেজার ঋষিকান্ত পাণ্ডে (Rishikant Pandey) জানান, এটি সম্ভবত কোনও প্রযুক্তিগত ত্রুটি (technical error) বা লেনদেনজনিত সমস্যার ফল। শাখা খোলার পর বিষয়টি খতিয়ে দেখে সমাধান করা হবে।
ঘটনাটি সামনে আসতেই এলাকায় চর্চা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও রীতার সততা নিয়ে প্রশংসার ঝড় বইছে বর্তমানে। ভিডিওটি অনেকেই রিপোস্ট করে কুর্নিশ জানিয়েছেন তরুণীকে। এমন বিপুল অর্থ হাতে পেলে অনেকেই সুযোগ নিতেন, সেখানে একজন সাধারণ কৃষক পরিবারের মেয়ের এই আচরণ অনেকের কাছে অনুপ্রেরণার।