ঝলমলে সেই অনুষ্ঠানে মেয়েরা এসেছিলেন উজ্জ্বল পোশাকে, উৎসবের আমেজে। ছিল গান, খাবারদাবার, আলোঝলমলে সাজসজ্জা, যেন পড়ুয়াদের জন্য বিশেষভাবে সাজানো উৎসব।

শেষ আপডেট: 22 June 2025 16:57
দ্য ওয়াল ব্যুরো: জনপ্রিয় ইউটিউবার ও শিক্ষক খান স্যারের বিয়ের রিসেপশন পরিণত হল এক বিরল ছাত্র-উৎসবে। পাটনার আনজুমান ইসলামিয়া হলে এই বিয়ের রিসেপশন উপলক্ষে আমন্ত্রিত ছিলেন ৫০ হাজারেরও বেশি ছাত্রছাত্রী। শুক্রবার প্রথম দফার অনুষ্ঠানে শুধুমাত্র মেয়েদেরই নিমন্ত্রণ জানানো হয়েছিল।
সাধারণ কোনও শিক্ষক নন, কোটি কোটি শিক্ষার্থীর অনুপ্রেরণার নাম ‘খান স্যার’। পড়ানোর অভিনব কৌশল ও পড়ুয়াদের পাশে দাঁড়ানোর জন্য তিনি ইতিমধ্যেই হয়ে উঠেছেন ‘ছাত্রদের শিক্ষক’। সেই পরিচয়কেই আরও একবার প্রমাণ করলেন নিজের জীবনের অন্যতম বিশেষ দিনেও। নিজের বিয়ের রিসেপশনে নিমন্ত্রণ করলেন হাজার হাজার ছাত্রীকে।
ঝলমলে সেই অনুষ্ঠানে মেয়েরা এসেছিলেন উজ্জ্বল পোশাকে, উৎসবের আমেজে। ছিল গান, খাবারদাবার, আলোঝলমলে সাজসজ্জা, যেন পড়ুয়াদের জন্য বিশেষভাবে সাজানো উৎসব।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খান স্যার বলেন, ‘৫০ হাজারের বেশি ছাত্রছাত্রীকে রিসেপশনে আমন্ত্রণ জানানো হয়েছে। আজ শুধু মেয়েদের নিমন্ত্রণ করা হয়েছে। এরপর ছেলেদের জন্য আলাদা অনুষ্ঠান হবে।’ তিনি আরও বলেন, ‘ছাত্রছাত্রীদের ভালোবাসা ও সমর্থন আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। এই আনন্দ তাদের সঙ্গে ভাগ করে নেওয়াটাই আমার দায়িত্ব মনে হয়েছে।’
খান স্যারের এই উদ্যোগ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। কেউ কেউ বলছেন, ‘এটাই হয়তো আদর্শ শিক্ষকের সংজ্ঞা। যিনি ছাত্রছাত্রীদের শুধু পাঠ্যপুস্তকের মধ্যে আটকে রাখেন না, জীবনের প্রতিটি মুহূর্তেও তাদের পাশে থাকেন।’
পুরো আয়োজনেই দেখা গিয়েছে, কীভাবে একজন শিক্ষক তাঁর শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ককে পারিবারিক এক সম্পর্কে রূপান্তরিত করতে পারেন। শিক্ষার গণ্ডি ছাড়িয়ে, এই সম্পর্ক শুধুই ক্লাসরুম নয়, মনের কাছাকাছি পৌঁছে গিয়েছে।
মেয়েদের জন্য অনুষ্ঠান তো হল, পুরুষ শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় দফার রিসেপশনের আয়োজন এখনও বাকি রয়েছে। তার দিনক্ষণ খান স্যার এখনো ঘোষণা করেননি।
ইতিমধ্যেই অনুষ্ঠানটির ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। নেটিজেনরা খান স্যারের প্রশংসায় পঞ্চমুখ। একজন এক্স ইউজার লিখেছেন, ‘খান স্যার শুধু শিক্ষক নন, তিনি একজন আন্দোলনের নাম।’