ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, প্ল্যাটফর্মে কয়েকজন রেলকর্মী ও একটি পরিবারের মধ্যে তর্কাতর্কি হচ্ছে। অভিযোগ, তাঁরা ট্রেনে দেওয়া চাদর ও তোয়ালে 'চুরি' করে ব্যাগে ভরে বাড়ি নিয়ে যাচ্ছিলেন।
.jpg.webp)
ভাইরাল ভিডিও
শেষ আপডেট: 21 September 2025 01:26
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় রেল দীর্ঘদিন ধরেই ভিড়, পরিষ্কার-পরিচ্ছন্নতা আর খাবারের মান নিয়ে সমালোচিত। কিন্তু এবার সামনে এল এক অন্য ঘটনা, রেলের মালপত্র চুরি করলেন যাত্রীরাই। এক ভাইরাল ভিডিওতে দেখা গেছে, পুরুষোত্তম এক্সপ্রেসের প্রিমিয়াম এসি কোচ থেকে জিনিসপত্র নিয়ে যাচ্ছে এক পরিবার (Family Caught Stealing Bedsheets from AC Coach)। প্ল্যাটফর্মে তাদের হাতেনাতে ধরলে ভুলও স্বীকার করেন তারা।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, প্ল্যাটফর্মে কয়েকজন রেলকর্মী ও একটি পরিবারের মধ্যে তর্কাতর্কি হচ্ছে। অভিযোগ, তাঁরা ট্রেনে দেওয়া চাদর ও তোয়ালে 'চুরি' করে ব্যাগে ভরে বাড়ি নিয়ে যাচ্ছিলেন। প্রশ্ন করা হলে পরিবারের সদস্যরা বলেন, 'ভুল হয়ে গেছে' এবং সাফাই দেওয়ারও চেষ্টা করেন। পুরো ঘটনাটি অনেক যাত্রীর নজরে পড়ে।
এই ভিডিওটি এক্স-এ শেয়ার করেন @bapisahoo নামে এক ব্যবহারকারী। তিনি লিখেছেন, 'পুরুষোত্তম এক্সপ্রেসের এসি কোচে ভ্রমণ গর্বের বিষয়। কিন্তু এখনও এমন লোক আছেন যাঁরা আরামের জন্য দেওয়া চাদরও চুরি করতে লজ্জা পান না।'
Traveling in 1st AC of Purushottam express is a matter of pride itself.
But still people are there who don't hesitate to steal and take home those bedsheets supplied for additional comfort during travel. pic.twitter.com/0LgbXPQ2Uj— ଦେବବ୍ରତ Sahoo 🇮🇳 (@bapisahoo) September 19, 2025
ভিডিওটি এখন পর্যন্ত ১.৪ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়েছেন। একজন লিখেছেন, 'দুঃখের কথা হল, অনেক ভারতীয় নাগরিকদের সচেতনতা নেই, গাড়ি চালানো হোক, কথা বলা হোক বা লাইনে দাঁড়ানো- শৃঙ্খলা মানেন না।'
অনেকেই মনে করেছেন, শুধু চাদর ফেরত দেওয়া যথেষ্ট নয়। একজনের দাবি, 'চাদর-তোয়ালে ফিরিয়ে দিলেও জরিমানা করা উচিত।' কেউ কেউ আবার পরামর্শ দিয়েছেন, 'টিকিট কাটার সময় কিছু টাকা জামানত হিসেবে নেওয়া হোক, যা ভ্রমণ শেষে ফেরত দেওয়া হবে।' অন্য একজন সরাসরি বলেছেন, 'খুব লজ্জাজনক। এ ধরনের লোক দেশের ভাবমূর্তি নষ্ট করে।'