গত মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনার সিঁদুর অভিযান নিয়ে একটি আপত্তিকর পোস্ট করেছিলেন ছাত্রী।

ফাইল ছবি
শেষ আপডেট: 20 September 2025 13:54
দ্য ওয়াল ব্যুরো: পুণের এক ১৯ বছরের ইঞ্জিনিয়ারিং ছাত্রীর (Pune Student) বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ করল না বম্বে হাইকোর্ট (Bombay High Court)। বিচারপতির পর্যবেক্ষণ, “মেধাবী পড়ুয়া হলেই যে কেউ অপরাধ থেকে মুক্তি পেয়ে যাবেন, এমন হতে পারে না।”
গত মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনার সিঁদুর অভিযান (Operation Sindoor) নিয়ে একটি আপত্তিকর পোস্ট করেছিলেন শিনগড অ্যাকাডেমি অব ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ সেমিস্টারের ছাত্রী। যদিও দুই ঘণ্টার মধ্যেই সেই পোস্টটি তিনি মুছে দেন এবং পরে ক্ষমাও চান। তাঁর দাবি, আইনশৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশ্য ছিল না। তবু পুলিশ তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে।
ছাত্রীর আইনজীবী ফারহানা শাহ আদালতে আবেদন করেছিলেন এফআইআর খারিজের জন্য। সওয়ালে বলা হয়, ছাত্রী অনুতপ্ত, পোস্ট সরিয়ে ফেলেছেন, এবং সাম্প্রতিক পরীক্ষায় ভাল ফলও করেছেন। কিন্তু বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রী চন্দ্রশেখর ও বিচারপতি গৌতম আংখদের ডিভিশন বেঞ্চ জানায়, “এটি অত্যন্ত গুরুতর বিষয়। যদি কেউ পড়ুয়া হয়, তা হলে সেটি জামিনের ক্ষেত্রে বিবেচ্য হতে পারে, কিন্তু এফআইআর খারিজের ভিত্তি হতে পারে না। উজ্জ্বল পড়ুয়া হওয়াও কোনও ভিত্তি নয়।”
ইতিমধ্যে এই ঘটনায় আদালত পুলিশের কাছ থেকে রিপোর্ট তলব করেছে। কেস ডায়েরি সিল করা খামে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হবে ৩ অক্টোবর।
যদিও আগে পুলিশের বিরুদ্ধেও বড় অভিযোগ তুলেছিলেন ওই ছাত্রী। দাবি, তাঁকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছিল। তাঁকে গ্রেফতারের কারণ জানানো হয়নি এবং সূর্যাস্তের পরে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। গ্রেফতারের পর কলেজ তাঁকে বহিষ্কার করে, ফলে শিক্ষাজীবন বিপন্ন হয়। পরে হাইকোর্টের অন্য বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করে, বহিষ্কারের সিদ্ধান্ত বাতিল করে এবং পরীক্ষায় বসার অনুমতিও দেয়।