যাত্রীদের সুবিধার কথা ভেবে এবছর পূর্ব রেল (Eastern Railway) বাড়তি ট্রেন চালু করেছে। এই বিশেষ পরিষেবা ইতিমধ্যেই ৫ অক্টোবর থেকে শুরু হয়েছে। তবে রেলের অনুমান, আসল চাপ দেখা দেবে ২০ অক্টোবর থেকে ৩০ অক্টোবরের মধ্যে
.jpg.webp)
ছবি- এআই নির্মিত
শেষ আপডেট: 11 October 2025 22:42
দ্য ওয়াল ব্যুরো: উৎসবের মরশুম মানেই কাজের ছুটি নিয়ে ঘরে ফেরা এবং প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর আনন্দ (Train Service during Diwali)। বাংলার বাইরে অনেক রাজ্যে দুর্গাপুজোকে বিশেষ উৎসবের মতো উদযাপন করা হয় না। সেখানে দীপাবলির আনন্দ বেশি থাকে। তাই এই সময় অনেকেই বাড়ি ফেরা এবং পরিবার ও বন্ধুবান্ধবদের সময় কাটানোর জন্য ছুটি নেন। সেকথা মাথায় রেখেই বড় ঘোষণা রেলের।
যাত্রীদের সুবিধার কথা ভেবে এবছর পূর্ব রেল (Eastern Railway) বাড়তি ট্রেন চালু করেছে। এই বিশেষ পরিষেবা ইতিমধ্যেই ৫ অক্টোবর থেকে শুরু হয়েছে। তবে রেলের অনুমান, আসল চাপ দেখা দেবে ২০ অক্টোবর থেকে ৩০ অক্টোবরের মধ্যে, যখন কালীপুজো, দীপাবলি, ভাইফোঁটা ও ছটপুজো পালিত হবে।
পূর্ব রেলের ঘোষণা অনুযায়ী, ২১ থেকে ২৭ অক্টোবরের মধ্যে মোট ১৪৪টি বিশেষ ট্রেন চলবে। এরপর ২৮ থেকে ৩০ অক্টোবর ছটপুজোর সময় আরও ৫০৭টি ট্রেন চলবে। এই ট্রেনগুলো হাওড়া, শিয়ালদহ, কলকাতা স্টেশন, আসানসোল এবং মালদহ টাউন থেকে ছাড়বে। গন্তব্য প্রধানত রক্সৌল, পাটনা, গোরক্ষপুর, নিউ জলপাইগুড়ি, দিঘা, মধুবনি, লামডিং, আনন্দ বিহার টার্মিনাল, লখনউ এবং ভাদোদরা।
বিশেষ ট্রেনগুলোতে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের দিকে আরও বেশি নজর রাখা হয়েছে। সকল আসন এবং বার্থ স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং দীর্ঘ ভ্রমণের জন্য উপযোগী হবে। পাশাপাশি, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি স্টেশনে রেল পুলিশ মোতায়েন থাকবে। ভিড় নিয়ন্ত্রণ এবং প্ল্যাটফর্মে নিরাপদ চলাচলের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। বিপর্যয় পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার জন্য একটি বিশেষ প্রশিক্ষিত দলও প্রস্তুত থাকবে।
পূর্ব রেল যাত্রীদের অনুরোধ করেছে, উৎসবের আনন্দের সময় কেউ যেন আতসবাজি নিয়ে ট্রেনে যাত্রা না করে। স্টেশনে ওঠানামার সময় একমাত্র ফুটওভারব্রিজ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
উৎসবের মরশুমে বাড়তি ট্রেন পরিষেবা শুধু যাত্রীদের সুবিধার জন্য নয়, তাদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ যাত্রার নিশ্চয়তার জন্যও পরিচালিত হচ্ছে। পরিবার এবং প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার জন্য এটি একটি বড় সুযোগ।