খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কেলাসিপাল্যা থানার আধিকারিকরা। সঙ্গে পৌঁছয় এটিএস-এর একটি বিশেষ দলও। গোটা এলাকা ঘিরে ফেলে চলে তল্লাশি ও ফরেনসিক পরীক্ষা।

উদ্ধার হওয়া বিস্ফোরক
শেষ আপডেট: 23 July 2025 18:30
দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর কেলাসিপাল্যা বিএমটিসি বাসস্ট্যান্ডে মিলল ছ’টি জেলাটিন স্টিক ও বেশ কয়েকটি ডিটোনেটর। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় ব্যস্ত এই পরিবহণ কেন্দ্রে। সঙ্গে সঙ্গে এলাকায় পৌঁছয় স্থানীয় পুলিশ এবং অ্যান্টি টেররিস্ট স্কয়্যাড (ATS)। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি।
বাসস্ট্যান্ডের শৌচালয়ের সামনে একটি প্লাস্টিকের ব্যাগে লুকিয়ে রাখা ছিল ওই বিস্ফোরকগুলি। ব্যাগটি প্রথম দেখতে পান শৌচালয়ের এক কর্মী। তাঁর কথায়, “একজন টয়লেট ব্যবহার করতে এসেছিলেন। টয়লেট থেকে বেরিয়ে যাওয়ার পর দেখলাম ওঁর একটা ব্যাগ রয়ে গিয়েছে। ভাবলাম পরে এসে নিয়ে যাবেন। কিন্তু তিনি আর আসেননি। তখনই গার্ডকে জানাই।” পরে গার্ডের মাধ্যমে খবর যায় পুলিশের কাছে।
ঘটনাস্থলে আসেন কেলাসিপাল্যা থানার আধিকারিকরা। সঙ্গে পৌঁছয় এটিএস-এর একটি বিশেষ দলও। গোটা এলাকা ঘিরে ফেলে চলে তল্লাশি ও ফরেনসিক পরীক্ষা।
ঘটনার সত্যতা স্বীকার করে বেঙ্গালুরুর পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার বলেন, “বাসস্ট্যান্ডের শৌচালয়ের সামনে একটি ক্যারিব্যাগ থেকে ছ’টি জেলাটিন স্টিক এবং কিছু ডিটোনেটর উদ্ধার হয়েছে। এখনও পর্যন্ত এফআইআর রেজিস্টার হয়নি। তদন্ত চলছে।”
এখনও পর্যন্ত এই ঘটনার পিছনে কারা রয়েছে তা জানা যায়নি। বিস্ফোরকগুলি কে বা কারা ফেলে রেখে গিয়েছে, তাও স্পষ্ট নয়। ব্যাগে থাকা বিস্ফোরক কোথা থেকে এল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
কী এই জেলাটিন স্টিক?
জেলাটিন স্টিক মূলত এক ধরনের কম দামের বিস্ফোরক, যা খননকার্য, নির্মাণ, সড়ক ও রেলপথ তৈরির মতো কাজের জন্য ব্যবহৃত হয়। তবে
এগুলি ডিটোনেটর ছাড়া ব্যবহার করা যায় না। সাধারণত শিল্পক্ষেত্রে এগুলোর বৈধ ব্যবহার রয়েছে, তবে সেগুলিকে এই ধরনের জনবহুল স্থানে রেখে যাওয়া নিরাপত্তার দিক থেকে অত্যন্ত উদ্বেগজনক।
পুলিশ জানিয়েছে, বাসস্ট্যান্ডের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ফরেনসিক দল নমুনা সংগ্রহ করেছে। তদন্তে কোন জঙ্গিযোগ রয়েছে কি না তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।