‘আমাদের পরিচয়, আমাদের সম্মান’—এই দাবিকে সামনে রেখে সোমবার থেকে শুরু হয়েছে লাগাতার প্রতিবাদী ধরনা।

নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 14 July 2025 17:38
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির জয় হিন্দ বাঙালি কলোনিতে (Delhi's Jai Hind Colony) বসবাসকারী বাংলা ভাষাভাষী মানুষদের ‘বাংলাদেশি’ বলে চিহ্নিত করার অভিযোগে উত্তাল হয়ে উঠল এলাকার আবহ। বৈধ নথি থাকা সত্ত্বেও বহু বাসিন্দাকে ‘অবৈধ অনুপ্রবেশকারী’ হিসেবে অপমানিত হতে হচ্ছে, এই অভিযোগ তুলে সোমবার থেকে শান্তিপূর্ণ ধরনায় বসেছেন তৃণমূল সাংসদরা (TMC MP)।
‘আমাদের পরিচয়, আমাদের সম্মান’—এই দাবিকে সামনে রেখে সোমবার থেকে শুরু হয়েছে লাগাতার প্রতিবাদী ধরনা। কলোনির বাসিন্দারাও ব্যাপকভাবে এই আন্দোলনে শামিল হয়েছেন। তাঁদের বক্তব্য, “আমরা ভারতীয়, আমাদের কাগজপত্র সব আছে। তবুও শুধু বাংলা বলি বলেই আমাদের বাংলাদেশি বলে হেনস্থা করা হচ্ছে। এই অপমান আর সইব না।”
এই আন্দোলনের নেতৃত্বে রয়েছেন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ, সুখেন্দুশেখর রায়, দোলা সেন এবং সাকেত গোখলে। তাঁদের দাবি, “বাঙালিদের বিরুদ্ধে যে বর্ণবাদী, ভাষাবিদ্বেষমূলক আচরণ করা হচ্ছে, তা গণতান্ত্রিক ভারতের পরিপন্থী। আমরা এই ঘটনার প্রতিবাদ জানাতেই রাস্তায় নেমেছি।”
প্রসঙ্গত, বেশ কয়েক মাস ধরেই দিল্লি, ওড়িশা, অসম-সহ বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষীদের বিরুদ্ধে বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থা করার অভিযোগ উঠে এসেছে। বিশেষত নিচু আয়ের শ্রমজীবী পরিবারগুলিকে নানা প্রশাসনিক হয়রানির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ।
এই প্রতিবাদী ধরনা চলবে মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৩টে পর্যন্ত। আন্দোলনকারীদের বার্তা স্পষ্ট—"বাংলা ভাষা এবং বাঙালিত্ব কোনওদিন অপরাধ ছিল না, হবে না।"